Sunday, September 27, 2026

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, তীব্র নিন্দা নাসীরুদ্দীন পাটওয়ারীর


ছবিঃ কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

হামলার পর এক প্রতিক্রিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। তবে হামলার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি।

সালমান মুক্তাদিরের জুলাইয়ের আন্দোলনে ভূমিকার কথাও উল্লেখ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, জুলাইয়ের কঠিন সময়ে অনেকেই নীরব থাকলেও সালমান প্রকাশ্যে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও আশ্রয়ের দায়িত্ব নেওয়ার কথাও তিনি জানিয়েছিলেন।

পাটওয়ারী প্রশ্ন তুলে বলেন, রাজনৈতিক পরিবর্তনের পরও যদি একজন নাগরিককে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ভয় নিয়ে চলতে হয়, তাহলে সেই পরিবর্তনের অর্থ কী। তার ভাষ্য, মানুষ জুলাইয়ে এক ধরনের নিপীড়ন থেকে বেরিয়ে আরেক ধরনের নিপীড়নের মধ্যে পড়ার জন্য রাস্তায় নামেনি।

স্টুডিওতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও নিপীড়ন বন্ধ হওয়া প্রয়োজন। একই সঙ্গে তিনি দেশের মানুষকে চাঁদাবাজ, সন্ত্রাসী ও জুলুমকারীদের হাত থেকে রক্ষার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

এদিকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন