- ২৭ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নড়াইল
নড়াইলের কালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মানসুর মোল্যা (৪৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় নূর ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত হাসিব মোল্যা (২২) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পেড়লি ইউনিয়নের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মানসুর মোল্যা কদমতলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার স্থানীয় ইউপি সদস্য কাছেদ মোল্যার সঙ্গে হাসিবের বিরোধ হয়। একপর্যায়ে হাসিব ওই ইউপি সদস্যকে অপদস্থ করেন বলে স্থানীয়দের ভাষ্য।
এরই ধারাবাহিকতায় শনিবার রাতে কদমতলা এলাকার একটি দোকানে যান হাসিব। এ সময় ইউপি সদস্যের চাচাতো ভাই মানসুর দোকানের শাটার আটকে দিয়ে আগের দিনের ঘটনার বিষয়ে হাসিবের কাছে জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে ধস্তাধস্তি শুরু হয়।
একপর্যায়ে হাসিব ছুরি দিয়ে মানসুরকে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় মানসুরের সঙ্গে থাকা নূর ইসলামও ছুরিকাঘাতে আহত হন। হামলার পর হাসিব ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
গুরুতর আহত মানসুরকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আহত নূর ইসলাম প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বাড়ি ফিরে যান।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল হাসান বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্ত হাসিব মোল্যাকে গ্রেপ্তারে অভিযান চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।