Sunday, September 27, 2026

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ২৫৪


ছবিঃ কিশোর গ্যাং সদস্য সন্দেহে আবারও ২৫৪ জনকে আটক করা হয়েছে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক।  কুমিল্লা

কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লায় এক রাতে ২৫৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে এ অভিযান চালায়।

রোববার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা নগরীর বিভিন্ন স্থান ছাড়াও ১৮টি থানার আওতাধীন যেসব এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে, সেসব স্থানকে অভিযানের আওতায় নেওয়া হয়।

অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। বিভিন্ন স্থান থেকে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ২৫৪ জনকে আটক করা হয়। তাদের প্রত্যেকের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর একই ধরনের অভিযানে কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ১৭৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। অন্যদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে এ অভিযান চালানো হয়েছে। উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন