Wednesday, September 30, 2026

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ


ছবিঃ সালমান মুক্তাদির (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ বিষয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থাটি।

বিষয়টি সংশ্লিষ্ট কয়েকটি ব্যাংক নিশ্চিত করেছে।

বিএফআইইউর পাঠানো চিঠিতে সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য দ্রুত পাঠাতে বলা হয়েছে। এর মধ্যে হিসাব খোলার আবেদনপত্র, গ্রাহকের পরিচিতি ও কেওয়াইসি-সংক্রান্ত নথি এবং হিসাবের লেনদেনের বিবরণ চাওয়া হয়েছে।

চিঠিতে নির্ধারিত সময়ের মধ্যে এসব তথ্য বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীতে সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে আটক করে।

পরে সোমবার (২৮ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় ঘটনার বিষয়ে কথা বলেন সালমান মুক্তাদির। সেখানে তিনি জানান, হামলার ঘটনায় তাকে কোনো ধরনের ক্ষতিপূরণ দিতে হবে না।

স্টুডিওতে হামলার ঘটনার কয়েক দিনের মধ্যেই তার ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউর চিঠি পাঠানোর বিষয়টি সামনে এলো। তবে ব্যাংক হিসাব তলবের কারণ বা এর সঙ্গে স্টুডিওতে হামলার ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে চিঠিতে কোনো তথ্য জানা যায়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন