Wednesday, September 30, 2026

বাংলাদেশ সিরিজ সামনে রেখে অস্ট্রেলিয়ার ১৪ সদস্যের দল ঘোষণা


ফাইল ছবিঃ অস্ট্রেলিয়া নারী দল (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

সপ্তমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের আসন্ন সিরিজ সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচন প্যানেল।

দলে রাখা হয়েছে নিয়মিত অধিনায়ক সোফি মলিনিউক্সকেও। তবে হিপের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার খেলা এখনো নিশ্চিত নয়। আগামী কয়েক দিনে তার ফিটনেস পরিস্থিতি পর্যালোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রিসবেনে ৯ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। মলিনিউক্স খেলতে না পারলে দলের নেতৃত্ব দেবেন তালিয়া ম্যাকগ্রা। সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে।

বাংলাদেশ সিরিজ শেষ হওয়ার পর অস্ট্রেলিয়া সিডনিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ওই সিরিজ। দুটি সিরিজের জন্য প্রায় একই স্কোয়াড রাখা হয়েছে।

চোটের কারণে অস্ট্রেলিয়ার দলে নেই পেসার ডার্সি ব্রাউন। পিঠের সমস্যায় ভুগছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না তরুণ অলরাউন্ডার লুসি হ্যামিল্টনও। ঊরুর চোটে থাকা হ্যামিল্টনকে অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাওয়ার আশা করছে অস্ট্রেলিয়া।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা অলরাউন্ডার গ্রেস হ্যারিস এবার দলে জায়গা পাননি। অন্যদিকে, মলিনিউক্সের জন্যও এই সিরিজটি গুরুত্বপূর্ণ। ক্যারিয়ারে একাধিকবার চোটের ধাক্কা সামলানো এই ক্রিকেটার চলতি বছর অধিনায়ক হওয়ার পর পিঠের সমস্যায় পড়েছিলেন। পরে চোট কাটিয়ে ফিরে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতাতে নেতৃত্ব দেন।

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক শন ফ্লেগলার জানিয়েছেন, নারী জাতীয় ক্রিকেট লিগের (ডব্লিউএনসিএল) পরবর্তী রাউন্ডের ম্যাচ শেষ হওয়ার পর স্কোয়াডে আরও একজন খেলোয়াড় যোগ করা হতে পারে। ডার্সি ব্রাউনের মাঠে ফেরার ক্ষেত্রেও আশাবাদী অস্ট্রেলিয়া। অক্টোবরের শেষ দিকে শুরু হতে যাওয়া নারী বিগ ব্যাশ লিগের কোনো এক পর্যায়ে তিনি ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় উদ্বোধনী আইসিসি নারী চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজগুলোকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া দল: সোফি মলিনিউক্স (অধিনায়ক), নিকোলা ক্যারি, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন (শুধু টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবে লিচফিল্ড, তালিয়া ম্যাকগ্রা, বেথ মুনি, এলিসে পেরি, মেগা শুট, আনাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল ও জর্জিয়া ওয়ারহ্যাম।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন