- ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
শাকিব খানের আসন্ন ঈদুল আজহার ছবি ‘রকস্টার’ নিয়ে চলচ্চিত্রাঙ্গনে আগ্রহ ক্রমেই বাড়ছে। ‘প্রিন্স’ ছবির শুটিং শেষ করে স্বল্প বিরতির পরই এই নতুন সিনেমার কাজে নামবেন ঢালিউড সুপারস্টার। জানা গেছে, ‘রকস্টার’-এ শাকিব খানের বিপরীতে থাকবেন দুজন নায়িকা।
যদিও এখনো প্রধান নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে দ্বিতীয় নায়িকা হিসেবে মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে। সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, ইতোমধ্যে মিথিলা পরিচালক আজমান রুশোর সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন এবং চরিত্র নিয়েও আগ্রহ প্রকাশ করেছেন।
এ বিষয়ে পরিচালক আজমান রুশো গত রোববার বলেন, সিনেমার কাস্টিং নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে আরও কিছু সময় লাগবে। দু–তিন দিনের মধ্যেই দ্বিতীয় নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানান তিনি। তবে চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
অন্যদিকে, তানজিয়া জামান মিথিলাও বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তিনি জানিয়েছেন, সবকিছু চূড়ান্ত হলে তবেই সিনেমা প্রসঙ্গে কথা বলবেন।
সূত্র জানায়, ‘রকস্টার’ ছবির প্রধান নায়িকা হিসেবে বাংলাদেশ অথবা পাকিস্তানের জনপ্রিয় কোনো অভিনেত্রীকে নেওয়ার চিন্তাভাবনা রয়েছে। তবে আনুষ্ঠানিক চুক্তি না হওয়ায় প্রযোজনা প্রতিষ্ঠান এ বিষয়ে মুখ খুলছে না। ধারণা করা হচ্ছে, চলতি মাসের শেষ সপ্তাহে প্রধান নায়িকার নাম প্রকাশ করা হতে পারে।
জানা গেছে, ছবিতে দ্বিতীয় নায়িকার চরিত্রটি গুরুত্বপূর্ণ হলেও শাকিব খানের সঙ্গে কোনো গানে তাঁকে দেখা যাবে না।
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা তানজিয়া জামান মিথিলা পরে অভিনয়ে যুক্ত হন। টেলিভিশন নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার পাশাপাশি তিনি মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনায় আসেন। ২০২০ সালে একটি হিন্দি সিনেমাতেও অভিনয় করেন তিনি। সম্প্রতি তিনি বাংলাদেশের চলচ্চিত্রে নিয়মিত কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন এবং শাকিব খানের সঙ্গে অভিনয়ের ইচ্ছার কথাও জানিয়েছিলেন।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, ‘রকস্টার’ ছবির মাধ্যমেই শাকিব খানের বিপরীতে বড় পর্দায় মিথিলার সেই স্বপ্ন বাস্তবায়িত হতে পারে।