- ২৮ মার্চ, ২০২৬
PNN নিউজ ডেস্ক। রাজশাহী
রাজশাহীর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এর ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের একটি ক্লাসরুমে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী মুশরাকুল আলম ফারহাদ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (২৩ সিরিজ) শিক্ষার্থী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্লাস চলার সময় হঠাৎ করেই সিলিং ফ্যানটি খুলে নিচে পড়ে যায়। এ সময় ফ্যানের পাখা শিক্ষার্থী ফারহাদের ঘাড়ে আঘাত করলে তিনি আহত হন। পরে উপস্থিত শিক্ষক ও সহপাঠীরা দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস বন্ধ থাকার পর এদিন থেকেই ক্লাস শুরু হয়। তবে দীর্ঘ ছুটির পর ক্লাসরুমের সরঞ্জাম যথাযথভাবে পরীক্ষা করা হয়নি বলে অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্যানের নাট-বোল্ট ঢিলা বা ত্রুটিপূর্ণ থাকায় এ দুর্ঘটনা ঘটতে পারে।
ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও ক্লাসরুমের সরঞ্জাম নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এড়ানো যায়।
এ বিষয়ে ইসিই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আনোয়ার হোসাইন বলেন, ক্লাসরুমের সরঞ্জাম নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। সম্প্রতি ফ্যানগুলো স্থাপন করা হয়েছিল এবং ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা ঘটেছে। ইতোমধ্যে সব ক্লাসরুমের সরঞ্জাম পুনরায় পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।