- ০১ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। পাবনা
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের গুরুত্বপূর্ণ প্রেসার অপারেটেড রিলিফ ভালভের (পিওআরভি) ত্রুটি মেরামত করা হয়েছে। মেরামতের পর ভালভটির ১৬ মেগাপাসকেল উচ্চচাপে পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান।
তিনি জানান, মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া পরীক্ষাটি বিদ্যুৎকেন্দ্রের মেইন কন্ট্রোল রুম ও ইমার্জেন্সি কন্ট্রোল রুম—দুই জায়গা থেকেই পরিচালনা করা হয়। প্রথমে কন্ট্রোল ভালভগুলোর কার্যকারিতা যাচাই করা হয়। সেগুলোর কার্যক্রম সন্তোষজনক পাওয়ার পর সংশ্লিষ্ট প্রধান সেফটি ভালভের কার্যক্রম ও প্রতিক্রিয়াও পরীক্ষা করা হয়।
পরীক্ষার সময় ভালভের প্রতিক্রিয়া, নির্ধারিত অবস্থায় খোলা ও বন্ধ হওয়ার প্রক্রিয়া, অ্যালার্ম এবং সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম ও পরামিতি পর্যবেক্ষণ করা হয়। অনুমোদিত পদ্ধতি এবং প্রয়োজনীয় নিরাপত্তা শর্ত মেনেই পুরো পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলে জানান এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক।
ড. জাহেদুল হাসান বলেন, পরীক্ষা শুরুর আগে এবং পরীক্ষা চলাকালে যোগাযোগব্যবস্থা, অগ্নিনিরাপত্তা ও বিকিরণ নিরাপত্তাসহ সংশ্লিষ্ট সব নিরাপত্তাব্যবস্থা যাচাই করা হয়। পিওআরভির পরীক্ষা সফলভাবে শেষ হওয়াকে রূপপুরের প্রথম ইউনিটের কমিশনিং প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
তিনি বলেন, রিঅ্যাক্টরের প্রাইমারি সিস্টেমে নিরাপদ চাপ বজায় রাখার ক্ষেত্রে এই ভালভ ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে নির্ধারিত সময়সূচি ধরে এগিয়ে যাওয়ার পাশাপাশি নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, কমিশনিংয়ের পরবর্তী পর্যায়ে প্রায় ১৮ মেগাপাসকেল চাপে আরও একটি পরীক্ষা করা হবে। প্রতিটি ধাপ সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করে পরবর্তী পর্যায়ে এগিয়ে যাচ্ছে কমিশনিং দল।
এর আগে গত ৩ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এক সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, সেফটি ভালভের ত্রুটির কারণে রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময় পিছিয়ে যাচ্ছে। তবে তখন ত্রুটি মেরামত বা বিদ্যুৎ সরবরাহ শুরুর নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।
পরে ত্রুটি সমাধানে রাশিয়ার সঙ্গে আলোচনা করে গত ২২ সেপ্টেম্বর পাঁচ সদস্যের একটি রুশ বিশেষজ্ঞ দল রূপপুরে আসে। বাংলাদেশি ও রুশ বিশেষজ্ঞদের যৌথ উদ্যোগে ভালভটির ত্রুটি নিরসনের কাজ সম্পন্ন হয়। এরপর নির্ধারিত পদ্ধতিতে ১৬ মেগাপাসকেল চাপে এর কার্যকারিতা পরীক্ষা করা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, পিওআরভির এই পরীক্ষা সফল হওয়ায় রূপপুরের প্রথম ইউনিটের কমিশনিং প্রক্রিয়ায় আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম হলো। তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর আগে কমিশনিংয়ের আরও কয়েকটি ধাপ সম্পন্ন করতে হবে।