- ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। রংপুর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আখতার হোসেন। ফল ঘোষণার পর তিনি মন্তব্য করেন, এবারের নির্বাচনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন এসেছে এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টি জনসমর্থন হারিয়েছে।
শুক্রবার ভোরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ঘোষিত ফল অনুযায়ী, ১৬৩টি কেন্দ্রের গণনায় শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬১৬ ভোট। দুজনের ব্যবধান দাঁড়ায় ৮ হাজার ৩৩১ ভোট। পোস্টাল ভোটের তথ্য তখনও চূড়ান্তভাবে প্রকাশ হয়নি।
ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার হোসেন বলেন, নির্বাচনের বিভিন্ন স্থানে অনিয়ম, সহিংসতা ও সংঘর্ষের অভিযোগ এসেছে। এসব বিষয়ে দলীয়ভাবে পর্যালোচনা চলছে এবং শিগগিরই আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে।
তিনি আরও বলেন, ভোটারদের সহযোগিতা ও সহযোদ্ধাদের পরিশ্রমের ফলেই তাঁর জয় নিশ্চিত হয়েছে। এ জন্য সাধারণ জনগণ ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। রংপুর অঞ্চলে বৈষম্য দূর করে উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকারও করেন নবনির্বাচিত এই প্রার্থী।
এ আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও ফল ঘোষণার আগে পর্যন্ত ছিল টানটান উত্তেজনা। বেসরকারি ফলাফলে জয় নিশ্চিত হওয়ার পর সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।