- ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, রমজান আত্মসংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এই মাসে রোজা পালনের মাধ্যমে মানুষ নিজের নফসকে নিয়ন্ত্রণে আনে এবং মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে। দীর্ঘ এক বছর পর আগত এ মাস রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে বলেও উল্লেখ করেন তিনি।
বাণীতে তিনি কোরআনুল কারিমে রমজান মাসের মর্যাদা সম্পর্কে বর্ণিত আয়াতের প্রতি ইঙ্গিত করে বলেন, এই মাসেই মানবজাতির পথনির্দেশক হিসেবে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। তাই রমজান শুধু ইবাদতের সময় নয়, বরং নৈতিক শুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার বিশেষ সুযোগ।
তিনি আরও বলেন, রোজা মানুষের গুনাহ থেকে বিরত থাকতে সহায়তা করে এবং আত্মিক উন্নয়নের পথ উন্মুক্ত করে। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজ থেকে হিংসা-বিদ্বেষ, অশান্তি ও অন্যায়ের অবসান ঘটাতে হবে।
মির্জা ফখরুল তাঁর বার্তায় দেশবাসীর সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে বলেন, সংযম ও সহমর্মিতার চর্চার মাধ্যমে সমাজে শান্তি, স্বস্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হোক—এটাই রমজানের মূল প্রত্যাশা।