Thursday, February 19, 2026

রায়পুরে অস্ত্র ঠেকিয়ে সেলসম্যানকে ছুরিকাঘাত, দেড় লাখ টাকা ছিনতাই


ছবিঃ আহত ইসমত আউয়াল পাবেল (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে এক যুবকের কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল প্রায় ৫টার দিকে চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর বাবুরহাট থেকে রায়পুর শহরে আসার পথে সিকদার রাস্তার পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

আহত ইসমত আউয়াল পাবেল (৩০) রায়পুর শহরের রকেট এজেন্টের সেলসম্যান হিসেবে কর্মরত। তিনি দক্ষিণ কেরোয়া এলাকার বাসিন্দা।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, হায়দরগঞ্জ বাজার থেকে টাকা সংগ্রহ করে রায়পুরে ফেরার সময় দুটি মোটরসাইকেলে চারজন দুর্বৃত্ত তার পথরোধ করে। পরে তারা অস্ত্র ঠেকিয়ে তাকে জিম্মি করে এবং ছুরি দিয়ে ডান হাতে আঘাত করে সঙ্গে থাকা প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ঘটনার বিষয়ে রায়পুর থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া জানান, খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা সড়কে টহল জোরদার ও নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন