Monday, July 6, 2026

রামগড়ে ৭ বছরের শিশুকে ধর্ষনের ঘটনায় আসামির মৃত্যুদণ্ড


ছবিঃ দণ্ডপ্রাপ্ত মো. শাহিন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। খাগড়াছড়ি

খাগড়াছড়ির রামগড়ে সাত বছর বয়সি এক মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের মামলায় মো. শাহিন নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ডও করা হয়েছে।

আজ সোমবার (৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি শাহিন কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, গত বছরের (২০২৫ সাল) ২৫ জুলাই রামগড় এলাকায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ওই মাদ্রাসাশিক্ষার্থীকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন শাহিন। ঘটনার পর ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে রামগড় থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত শেষে দ্রুত আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। আদালত দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও আইনি যুক্তি-তর্ক শেষে আজ এই চূড়ান্ত রায় দেন।

এদিকে মাত্র এক বছরের মধ্যে স্পর্শকাতর এই মামলাটির বিচারকাজ শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা। রায় পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি বলেন, "মাত্র এক বছরের মাথায় এই জঘন্য অপরাধের বিচার সম্পন্ন হয়েছে। এই রায়ের মাধ্যমে আমরা ভুক্তভোগী পরিবারের জন্য পূর্ণাঙ্গ ন্যায়বিচার নিশ্চিত করতে পেরেছি। সমাজে এ ধরনের অপরাধ দমনে এই রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।"

তবে আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছে আসামিপক্ষ। আসামির আইনজীবী অ্যাডভোকেট বেদারুল ইসলাম বলেন, "আমরা মনে করি এই রায়ে আমার মক্কেল ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে (হাইকোর্ট) আপিল করব।"

রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সাজা পরোয়ানা মূলে দণ্ডিত শাহিনকে কঠোর নিরাপত্তায় খাগড়াছড়ি জেলা কারাগারে পাঠানো হয়েছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন