Sunday, November 29, 2026

রাজশাহীতে পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে টানা দুই রাত হামলা, ট্রান্সফরমারে আগুন ও গুলিবর্ষণ


ছবিঃ রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোলবোমা নিক্ষেপ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। রাজশাহী

রাজশাহীর খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে টানা দুই রাতে হামলার ঘটনা ঘটেছে। প্রথম রাতে পেট্রোলবোমা নিক্ষেপ করে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় রাতে আরও সংঘবদ্ধভাবে হামলা চালায় দুর্বৃত্তরা। এবার পেট্রোলবোমার পাশাপাশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলিও ছোড়া হয়। হামলায় একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ ঘটনায় উপকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার রাতে পরপর এ দুটি হামলার ঘটনা ঘটে। সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে উপকেন্দ্র লক্ষ্য করে একটি পেট্রোলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় আগুন লাগেনি। ঘটনার পর বিষয়টি জানিয়ে থানায় এজাহার দেওয়া হয়। একই সঙ্গে উপকেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ করা হয়।

তবে নিরাপত্তা বাড়ানোর পরও হামলা ঠেকানো সম্ভব হয়নি। শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল আবারও উপকেন্দ্রে প্রবেশ করে হামলা চালায়। এ সময় তারা ট্রান্সফরমার লক্ষ্য করে একাধিক পেট্রোলবোমা নিক্ষেপ করে এবং পিস্তল দিয়ে তিন রাউন্ড গুলি ছোড়ে।

হামলায় ছোড়া পেট্রোলবোমার একটি বিস্ফোরিত হয়ে ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ ছাড়া ট্রান্সফরমারের পাশে আরও দুটি পেট্রোলবোমা ও একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে চারটি অবিস্ফোরিত পেট্রোলবোমাও পড়ে থাকতে দেখা যায়। হামলা শেষে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে। এদিকে উপকেন্দ্রের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে ট্রান্সফরমারের আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার পর সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলেও পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় সরবরাহ চালু করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির নওহাটা সদর দপ্তরের এক কর্মচারী জানান, পরপর দুই রাত হামলার ঘটনায় উপকেন্দ্রে দায়িত্ব পালনকারীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। উপকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকলেও হামলাকারীরা মুখ ঢেকে এসেছিল। তারা এলোপাতাড়ি গুলি ছোড়ার পাশাপাশি পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন লাগানোর চেষ্টা চালায়।

ওই কর্মচারী আরও বলেন, হামলার সময় কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু একই ধরনের ঘটনা পরপর দুই রাতে ঘটায় স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। নিরাপত্তা নিশ্চিত না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল বলেন, প্রথম রাতের ঘটনার পরই থানায় এজাহার দেওয়া হয়েছিল। পাশাপাশি উপকেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়। প্রথম রাতে সেখানে দুজন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করলেও পরদিন সেই সংখ্যা বাড়িয়ে চারজন করা হয়। অতিরিক্ত পাহারার ব্যবস্থা থাকার পরও দ্বিতীয় রাতে আবার হামলার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, প্রথম রাতের হামলায় পেট্রোলবোমা নিক্ষেপ করা হলেও আগুন লাগেনি। তবে দ্বিতীয় রাতের ঘটনায় একটি পেট্রোলবোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এতে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলেও পরে আগুন নিয়ন্ত্রণে এনে সরবরাহ স্বাভাবিক করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা করা হবে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং ঘটনার বিস্তারিত তদন্তে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন