- ২৮ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নাটোর
নাটোর শহরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে শহরের ভবানীগঞ্জ এলাকায় সরকারি পাবলিক লাইব্রেরির সামনে অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে এ ঘটনা ঘটে। মুখ ঢেকে আসা এক যুবক আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে স্থানীয়দের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিকে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর আনুমানিক ৪টার দিকে ওই যুবক জুলাই স্মৃতিস্তম্ভের কাছে আসে। পরে সেখানে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। ঘটনার সময় আশপাশের এলাকায় লোকজনের উপস্থিতি কম থাকায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয়দের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, ওই যুবকের মুখে সাদা রুমাল বাঁধা ছিল। স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার পর সে দ্রুত সেখান থেকে চলে যায়। ভিডিওটি সামনে আসার পর ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।
এ ঘটনায় নিন্দা জানিয়েছেন জুলাই যোদ্ধারা। তারা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
জুলাই যোদ্ধা সাজ্জাদ আহমেদ বলেন, নাটোরের জুলাই স্মৃতিস্তম্ভটি একটি উন্মুক্ত স্থানে অবস্থিত। সেখানে কোনো বেষ্টনী না থাকায় স্মৃতিস্তম্ভটির নিরাপত্তা নিয়ে আগে থেকেই উদ্বেগ ছিল। বিষয়টি প্রশাসনকে জানিয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদারের অনুরোধ করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে তাদের আশঙ্কা। স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে, কে বা কারা এবং কী উদ্দেশ্যে স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।