Saturday, April 25, 2026

রাজশাহীতে মোটরশ্রমিক ইউনিয়ন কার্যালয় দখল ঘিরে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর


ছবিঃ মহানগর শ্রমিক দল অস্ত্রের মহড়া দেয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। রাজশাহী 

রাজশাহী নগরের শিরোইল এলাকায় জেলা মোটরশ্রমিক ইউনিয়নের কার্যালয় দখলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ, দেশীয় অস্ত্রের মহড়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত প্রায় এক ঘণ্টাব্যাপী এ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনাস্থল শিরোইল বাস টার্মিনাল এলাকায় আগে থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এক পক্ষের নেতৃত্বে ছিলেন রফিকুল ইসলাম, যিনি জেলা মোটরশ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মহানগর শ্রমিক দলের আহ্বায়ক। অপরদিকে, তার বিরোধী শ্রমিকরা ইউনিয়নের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি এক সংঘর্ষের জেরে কয়েকজন শ্রমিককে মারধরের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন এবং সংগঠনের নির্বাচন দাবি করেন। এতে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে।

বৃহস্পতিবার বিকেলে রফিকুল ইসলামের অনুসারীরা মিছিল নিয়ে শিরোইল এলাকায় গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, সেখানে পৌঁছে তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিরোধী পক্ষ পিছু হটতে বাধ্য হয়।

পরবর্তীতে কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর আশপাশের দোকানপাট, ভবনের কাচ ও একটি মোটরসাইকেলে ভাঙচুর চালানো হয়। ঘটনাস্থলে রড, পাইপ, লাঠিসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার সময় এলাকায় পুলিশ উপস্থিত থাকলেও সরাসরি হস্তক্ষেপ করতে দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে। তবে পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

অভিযোগের বিষয়ে রফিকুল ইসলাম দাবি করেন, প্রতিপক্ষ রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে কার্যালয়ে তালা দিয়েছিল এবং তারা সেটি “উদ্ধার” করেছেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, “ঘটনার ভিডিও ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন