- ১১ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ এখনো নির্ধারিত হয়নি। এর মধ্যেই বিএনপির সংসদীয় দলের বৈঠক আহ্বান করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির দায়িত্বশীল নেতাদের সূত্রে জানা গেছে, দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ সমসাময়িক বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে।
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেই সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ বৈঠক ডেকেছেন।
সাধারণত সংসদের অধিবেশন শুরুর এক বা দুই দিন আগে কিংবা অধিবেশন চলাকালে সরকারি দলের সংসদীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে সংসদীয় কার্যক্রম, দলের অবস্থান এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা করা হয়ে থাকে।
তবে এবার পরবর্তী অধিবেশনের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার আগেই বিএনপির সংসদীয় দলের বৈঠক আহ্বান করা হয়েছে। এ কারণে বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয় এবং কী সিদ্ধান্ত আসে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে।