Sunday, October 11, 2026

কলকাতা থেকে দেশে আনা হলো ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মরদেহ


ছবিঃ রোটনের লাশবাহী অ্যাম্বুলেন্স (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। যশোর

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ ভারতের কলকাতা থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আনা হয়েছে। দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারে আক্রান্ত থাকার পর কলকাতার রুবি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।

রোববার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে রোটনের মরদেহ বাংলাদেশে প্রবেশ করে। পরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে পুলিশি নিরাপত্তায় মরদেহ নিয়ে যাওয়া হয়।

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন সূত্রে জানা গেছে, শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল সোয়া ৭টার দিকে কলকাতার রুবি জেনারেল হাসপাতালে মারা যান রোটন। তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় অনুমতিপত্রও ইস্যু করে বাংলাদেশ উপ-হাইকমিশন।

মরদেহ হস্তান্তরের আগে কলকাতায় তাঁর ভাগ্নে সোহানুর রহমানের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়। এ সময় প্রয়োজনীয় অনাপত্তিপত্রসহ আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় বলে দূতাবাস সূত্রে জানা গেছে। পরে বাংলাদেশে মরদেহ গ্রহণ করেন তাঁর বড় ভাই নাসিমুল হায়দার চৌধুরী মিল্টন।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, রোটনের মরদেহ চেকপোস্ট থেকে পুলিশি পাহারায় নিয়ে যাওয়া হয়েছে।

মরদেহ হস্তান্তরের সময় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ভোর থেকেই বেনাপোল চেকপোস্টের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় সাধারণ মানুষের চলাচলও সীমিত রাখা হয়েছিল।

উপ-হাইকমিশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ আগস্ট বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যান রোটন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই কমিটির সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন।

চট্টগ্রামের রাউজানের বাসিন্দা রোটন ছাত্রলীগের রাজনীতি শেষে আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি। পরে ২০২১ সালে দলটির শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও মনোনীত হন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন