Saturday, April 25, 2026

রাজশাহীর দুর্গাপুরে কলেজে ঢুকে শিক্ষিকাকে মারধর ও ভাঙচুরের অভিযোগ


ছবিঃ কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। রাজশাহী

রাজশাহীর দুর্গাপুরে একটি কলেজে পরীক্ষা চলাকালে ঢুকে এক শিক্ষিকাকে জুতাপেটা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অধ্যক্ষসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে। ওই সময় কলেজটিতে দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। পরীক্ষাকেন্দ্র হওয়ায় কলেজ ও আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি ছিল এবং পুলিশও মোতায়েন ছিল।

প্রত্যক্ষদর্শী শিক্ষক-শিক্ষার্থীরা জানান, দুপুরের দিকে কয়েকজন স্থানীয় রাজনৈতিক কর্মী কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক-এর কক্ষে প্রবেশ করে বিভিন্ন বিষয়ে প্রশ্ন তোলেন। বিশেষ করে আগের প্রশাসনের সময়কার আর্থিক হিসাব নিয়ে তাদের সঙ্গে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রভাষক আলেয়া খাতুন হীরা ও স্থানীয় নেতা শাহাদত আলী-এর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এরপর শাহাদত আলী জুতা দিয়ে ওই শিক্ষিকাকে মারধর করেন।

পরবর্তীতে আরও কয়েকজন এসে অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকের ওপর হামলা চালায় এবং অফিস কক্ষে ভাঙচুর করে। এতে অধ্যক্ষ, একাধিক শিক্ষক ও কর্মচারী আহত হন। গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত প্রভাষক আলেয়া খাতুন হীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি কলেজে এসে বিভিন্ন অজুহাতে অর্থ দাবি করছিলেন। তিনি বলেন, “অন্যায়ের প্রতিবাদ করায় আমাদের ওপর হামলা করা হয়েছে।”

অন্যদিকে, বিএনপি নেতা আকবর আলী দাবি করেন, তারা কলেজের পূর্বের অনিয়ম ও দুর্নীতির হিসাব চাইতে গিয়েছিলেন। তার ভাষ্য অনুযায়ী, প্রথমে শিক্ষকদের পক্ষ থেকেই উত্তেজনা সৃষ্টি হয়।

অধ্যক্ষ আব্দুর রাজ্জাক জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন পক্ষ থেকে চাপ ও চাঁদা দাবির মুখে পড়ছিলেন তিনি। এসব দাবিতে সাড়া না দেওয়ায় এ ধরনের ঘটনার সৃষ্টি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, সম্ভাব্য উত্তেজনা বিবেচনায় আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। তবে কিছু ব্যক্তি জোর করে কলেজে ঢুকে পরিস্থিতি অবনতির দিকে নিয়ে যায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন