- ১৪ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর হিসেবে পরিচিত। সফরে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, মুসলিম কমিউনিটি ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ দলের জ্যেষ্ঠ নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র সফরকালে চরমোনাই পীর বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন মসজিদ ও মুসলিম কমিউনিটিতে দাওয়াতি অনুষ্ঠানে বক্তব্য দেবেন তিনি। এ ছাড়া ব্যবসায়ী এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গেও তাঁর মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।
এদিকে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলার ঘটনায় ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকায় আটকে পড়া প্রবাসী শ্রমিকদের সহায়তায় সরকারের জরুরি উদ্যোগ চেয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান বলেন, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলার কারণে ৬০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। এতে হাজার হাজার প্রবাসী শ্রমিক ঢাকার বিমানবন্দরে আটকা পড়েছেন। সীমিত আয়ের এসব শ্রমিকের অনেকেরই ঢাকায় থাকা ও খাওয়ার ব্যবস্থা নেই।
তিনি বলেন, আটকে পড়া শ্রমিকদের দুর্ভোগ কমাতে সরকারকে তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে ফ্লাইট বাতিলের কারণে যাঁরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, তাঁদের টিকিটের টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করতেও সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আরও বলেন, বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া এসব শ্রমিকের অনেকেই সীমিত সামর্থ্য নিয়ে যাত্রার পরিকল্পনা করেছিলেন। ফ্লাইট বাতিলের ফলে তাঁদের অতিরিক্ত ব্যয় ও অনিশ্চয়তার মুখে পড়তে হচ্ছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।