Friday, October 2, 2026

রাজধানীর মহাখালীতে যুবদল নেতাকে কুপিয়ে জখম


প্রতীকী ছবিঃ মারামারির (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

রাজধানীর মহাখালী এলাকায় তালহা রহমান (৩৩) নামে এক যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসা শেষে তিনি বর্তমানে নিজ বাসায় রয়েছেন।

আহত তালহা রহমান মহাখালী ২০ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক। তিনি মহাখালী রসুলবাগ এলাকার হাফিজুর রহমানের ছেলে।

তালহার ছোট ভাই মো. মুয়াম্মার রহমান জানান, রাত পৌনে ১০টার দিকে মোবাইল ফোনে কল করে তালহাকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী এলাকায় এসএ পরিবহণ ও এ বিএম পাম্পের মধ্যবর্তী একটি গলিতে ডেকে নেওয়া হয়। সেখানে যাওয়ার পর আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায় বলে অভিযোগ পরিবারের।

মুয়াম্মারের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তালহাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে ফেলে রেখে তারা দ্রুত চলে যায়।

খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তালহাকে উদ্ধার করেন। প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১২টা ১৫ মিনিটের দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢামেকে চিকিৎসা নেওয়ার পর তালহাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

তালহার ওপর হামলার কারণ এবং কারা এ ঘটনায় জড়িত, তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পরিবার। ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে বলেও জানান তার ছোট ভাই।

এ ঘটনায় এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় বা হামলার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন