Friday, October 2, 2026

জামায়াতকে ইসলামীকে মূল্যবোধ নিয়ে রাজনীতি করার আহ্বান রাশেদ খানের


ছবিঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম

জামায়াতে ইসলামীকে ইসলামী মূল্যবোধের কথা বলে এমন কোনো কর্মকাণ্ড না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। একই সঙ্গে দলটির রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যে অসঙ্গতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। 

ফটিকছড়ির বাবুনগর এলাকায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় ওই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাশেদ খান বলেন, জামায়াতে ইসলামী নিজেদের ইসলামী রাজনীতির দল হিসেবে দাবি করে এবং শরিয়াহ আইন প্রতিষ্ঠার কথা বলে। তাদের উদ্দেশে তিনি বলেন, ইসলামী মূল্যবোধের কথা বললেও এমন কোনো কাজ করা উচিত নয়, যা ইসলামের ভাবমূর্তির সঙ্গে সাংঘর্ষিক।

তিনি আরও বলেন, ইসলামী মূল্যবোধ কীভাবে রাজনৈতিক ও সামাজিকভাবে তুলে ধরতে হয়, তা হেফাজতে ইসলামের কাছ থেকে জামায়াতের শেখা উচিত। তার অভিযোগ, জামায়াত ইসলামী মূল্যবোধ থেকে অনেক দূরে সরে গেছে।

জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, দলটির বক্তব্যের সঙ্গে তাদের কর্মকাণ্ডের মিল পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে ১৯৯৬ সালের মতো আন্দোলনের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এসব বিষয়ে জনমনে সন্দেহ ও সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেন রাশেদ খান। 

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে রাশেদ খান বলেন, রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে সহযোগিতার পরিবেশ তৈরি করা প্রয়োজন। যারা অতীতে একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছে, তাদের ঐক্য ধরে রেখে রাষ্ট্র পুনর্গঠনে মনোযোগ দেওয়া দরকার বলেও তিনি উল্লেখ করেন।

ডিসেম্বর মাসের রাজনৈতিক কর্মসূচি নিয়েও কথা বলেন রাশেদ খান। তিনি বলেন, ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। এই মাসে সরকারবিরোধী কোনো আন্দোলন হলে তারাও জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার কথা জানিয়েছেন।

রাশেদ খান বলেন, শুক্রবার জুমার দিনে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তিনি বাবুনগর মাদ্রাসায় যান এবং তার দোয়া নেন। এ সময় আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেন এবং বিএনপি ও দেশের মানুষকে ইসলামী মূল্যবোধের ওপর আস্থা রাখার আহ্বান জানান বলে জানান তিনি। 

সাক্ষাৎকালে হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা আইয়ুব বাবুনগরী, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, সহকারী কমিশনার রহমত উল্যাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন