Friday, February 13, 2026

রাজধানীর বাজারে বেড়েছে তেল ও মুরগির দাম


ফাইল ছবিঃ তেল ও মুরগি (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

রাজধানীর খুচরা বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে নিত্যপণ্যের দাম। সয়াবিন তেল ও মুরগির দাম বাড়ার পাশাপাশি সবজির বাজারেও আগের তুলনায় স্বস্তি কমে এসেছে। বিশেষ করে করল্লা, লাউ ও জালি কুমড়ার দামে এক সপ্তাহের ব্যবধানে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

শুক্রবার কাওরানবাজার, শান্তিনগর ও নিউমার্কেট এলাকার কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে। দুই লিটারের সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রায় ৩৯০ থেকে ৩৯৫ টাকায়, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ১০ টাকা বেশি। এক লিটারের বোতলজাত তেলের দাম রয়েছে প্রায় ১৯৫ টাকা। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদর প্রতিবেদনেও সয়াবিন তেলের এই মূল্যবৃদ্ধির তথ্য উঠে এসেছে।

মুরগির বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে প্রায় ১০ টাকা বেড়ে বর্তমানে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগির ক্ষেত্রে দাম বেড়েছে আরও বেশি কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। ফলে বাজারে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩০০ টাকায়।

শান্তিনগর বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, শীতের মৌসুমে বিয়েসহ সামাজিক অনুষ্ঠান ও পিকনিক বাড়ায় মুরগির চাহিদা বেড়েছে, যার প্রভাব পড়েছে দামে। তবে টিসিবির তথ্য অনুযায়ী, বর্তমান বাজারদর গত বছরের একই সময়ের তুলনায় এখনও কিছুটা কম। গত বছর এই সময়ে ব্রয়লার মুরগির দাম ছিল কেজিতে ১৯০ থেকে ২১০ টাকা।

মুরগির দাম বাড়লেও ডিমের বাজার স্থিতিশীল রয়েছে। বর্তমানে ফার্মের বাদামি রঙের ডিম প্রতি ডজন ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে, যা গত বছরের তুলনায় কম। তখন প্রতি ডজন ডিমের দাম ছিল ১৩২ থেকে ১৪৪ টাকা।

সবজির বাজারে আগের স্বস্তি অনেকটাই হারিয়ে গেছে। গত সপ্তাহে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হওয়া করল্লা এখন ১০০ থেকে ১২০ টাকা ছুঁয়েছে। লাউয়ের দামও বেড়েছে আকারভেদে প্রতিটি ৬০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট আকারের জালি কুমড়ার দাম উঠেছে ৬০ থেকে ৭০ টাকায়।

তবে কিছু সবজির দামে সামান্য স্বস্তি মিলেছে। ফুলকপির দাম কমে বর্তমানে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের সপ্তাহে ছিল ৪০ থেকে ৫০ টাকা। অন্যান্য সবজির মধ্যে মুলা কেজিতে ৪০ টাকা, শিম ৪০ থেকে ৬০ টাকা, শালগম ৩০ থেকে ৪০ টাকা, আলু ৩০ থেকে ৪০ টাকা এবং বেগুন ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। টম্যাটোর দাম কেজিতে ৮০ থেকে ৯০ টাকা এবং কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকায় রয়েছে।

পেঁয়াজের বাজারে তুলনামূলক স্বস্তির খবর পাওয়া গেছে। নতুন দেশি পেঁয়াজের দাম কিছুটা কমে বর্তমানে কেজিতে ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে বেশিরভাগ পেঁয়াজই দেশি। এছাড়া আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা এবং পুরোনো দেশি পেঁয়াজের দাম কেজিতে প্রায় ৮০ টাকা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন