Friday, February 13, 2026

শততম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচে আলকারাজের দাপট, সাবালেঙ্কার টাইব্রেক আধিপত্য


ছবিঃ ১০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচে আলকারাজের দুর্দান্ত জয়। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

মাইলফলক ম্যাচে নিজের জাত চেনালেন কার্লোস আলকারাজ। ক্যারিয়ারের শততম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে ফরাসি টেনিস তারকা কোরেন্টিন মাউতেটকে সরাসরি তিন সেটে হারিয়ে পরের রাউন্ডে উঠেছেন স্প্যানিশ এই তারকা। রড লেভার অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে আলকারাজ জয় পান ৬-২, ৬-৪ ও ৬-১ গেমে।

পুরো ম্যাচজুড়ে আগ্রাসী কিন্তু নিয়ন্ত্রিত খেলায় দর্শকদের মুগ্ধ করেন আলকারাজ। নিখুঁত ড্রপ শট, চমকপ্রদ টুইনার এবং ধারালো পাসিং শটে মাউতেটকে কোনো সুযোগই দেননি তিনি। মেলবোর্ন পার্কে নিজের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপার লক্ষ্যে নামা ২২ বছর বয়সী এই খেলোয়াড় টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দমনীয় ছন্দে রয়েছেন। চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার দৌড়েও তিনি এখন অন্যতম ফেভারিট।

ম্যাচ শেষে আলকারাজ বলেন, গ্র্যান্ড স্ল্যাম পর্যায়ে প্রতিটি মুহূর্তে মনোযোগ ধরে রাখা কঠিন হলেও নিজেকে শান্ত রাখাটাই তাঁর সাফল্যের চাবিকাঠি। বিশেষ করে দ্বিতীয় সেটে নিজের ছন্দ ফিরে পাওয়াটাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

চতুর্থ রাউন্ডে আলকারাজের সামনে এবার যুক্তরাষ্ট্রের টমি পল।

নারী বিভাগে দুইবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কাকেও পড়তে হয়েছে কঠিন পরীক্ষায়। আনাস্তাসিয়া পোটাপোভার বিপক্ষে দুই সেটের ম্যাচেই গড়ায় টাইব্রেক। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে অভিজ্ঞতার পরিচয় দিয়ে ৭-৬ (৪), ৭-৬ (৭) ব্যবধানে জয় তুলে নেন বেলারুশিয়ান তারকা। দ্বিতীয় সেটে পোটাপোভা একাধিক সেট পয়েন্ট পেয়েও তা কাজে লাগাতে পারেননি।

এই জয়ের মাধ্যমে সাবালেঙ্কার টাইব্রেক অপরাজিত থাকার রেকর্ড দাঁড়াল টানা ২১ ম্যাচে। ম্যাচ শেষে তিনি বলেন, টাইব্রেকে সামান্য মনোযোগ হারালেই ম্যাচ হাতছাড়া হয়ে যেতে পারে।

রাউন্ড অব সিক্সটিনে সাবালেঙ্কার প্রতিপক্ষ ভিক্টোরিয়া এমবোকো।

পুরুষদের ড্রয়ে নাটকীয় প্রত্যাবর্তন ঘটিয়েছেন ড্যানিল মেদভেদেভ। মার্গারেট কোর্ট এরিনায় প্রথম দুই সেট হারিয়েও হাঙ্গেরির ফ্যাবিয়ান মারোজসানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেন তিনি।

অন্যদিকে নারী এককে কাজাখস্তানের ইউলিয়া পুতিন্তসেভা তিন সেটের লড়াইয়ে তুরস্কের জেইনেপ সোনমেজকে হারিয়ে শেষ ১৬-এ জায়গা করে নিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন