- ১১ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও আন্তর্জাতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে ২০২৬ ফুটবল বিশ্বকাপ বয়কটের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় আনার আহ্বান জানিয়েছেন জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) নির্বাহী কমিটির সদস্য ওকে গটলিশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) জার্মান সংবাদমাধ্যম হামবুর্গার মর্গেনপোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে গটলিশ বলেন, বর্তমান বৈশ্বিক রাজনৈতিক বাস্তবতায় নীরব থাকা আর সম্ভব নয়। তার মতে, বিশ্বকাপ বয়কটের মতো সিদ্ধান্ত নিয়ে অন্তত আলোচনা হওয়া প্রয়োজন।
বুন্দেসলিগার ক্লাব সেন্ট পাউলির সভাপতি এবং ডিএফবির সহ-সভাপতিদের একজন গটলিশ বলেন, আশির দশকে অলিম্পিক গেমস বয়কটের পেছনে যেসব যুক্তি ছিল, বর্তমান পরিস্থিতিতে তার চেয়েও বড় ঝুঁকি দেখা যাচ্ছে। তাই বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
সম্প্রতি গ্রিনল্যান্ড দখলের প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছেন। ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে ঘিরে এই অবস্থানের পাশাপাশি ইউরোপের অন্তত আটটি দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দেন তিনি। এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় মিত্রদের সম্পর্কের টানাপোড়েন বাড়ছে বলে বিশ্লেষকদের ধারণা। এমন পরিস্থিতি ন্যাটো জোটের ঐক্যকেও দুর্বল করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
গটলিশ মনে করেন, খেলাধুলাকে পুরোপুরি রাজনীতির বাইরে রাখার যুক্তি আর বাস্তবসম্মত নয়। তিনি বলেন, ২০২২ বিশ্বকাপ আয়োজনের সময় কাতারকে ঘিরে ডিএফবি যে অবস্থান নিয়েছিল, তার সঙ্গে বর্তমান অবস্থানের অসামঞ্জস্য তাঁকে হতাশ করছে। তার প্রশ্ন, তখন বিশ্বকাপ রাজনৈতিক ছিল, আর এখন কেন সেটিকে অরাজনৈতিক বলা হচ্ছে?
তিনি আরও বলেন, একটি সংগঠন ও সমাজ হিসেবে কোথায় সীমারেখা টানতে হবে, সেই বোধ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। হুমকি, আগ্রাসন কিংবা মানবিক মূল্যবোধের প্রশ্নে কোন পর্যায়ে অবস্থান নিতে হবে এই বিষয়গুলো স্পষ্ট হওয়া দরকার।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, বিশ্বকাপ বয়কটের প্রসঙ্গে গটলিশকে ডিএফবি সভাপতি বার্নড নয়েনডর্ফ এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরোধিতার মুখে পড়তে হতে পারে। তবে গটলিশের মতে, মূল্যবোধ ও নৈতিক অবস্থান রক্ষার প্রশ্নে এ ধরনের বিতর্ক এড়ানো উচিত নয়।
২০২৬ ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই টুর্নামেন্টকে ঘিরে গটলিশের মন্তব্য আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।