Saturday, February 14, 2026

নয়াপল্টনে স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক গ্রেপ্তার


ছবিঃ গ্রেপ্তার পবিত্র কুমার বড়ুয়া (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

রাজধানীর নয়াপল্টন এলাকায় একটি বেসরকারি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার পবিত্র কুমার বড়ুয়া শারমিন একাডেমির ব্যবস্থাপক এবং ওই স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মদ ফারাবী জানান, পল্টন থানার একটি দল ভোরের দিকে অভিযান চালিয়ে পবিত্র কুমারকে গ্রেপ্তার করে। শিশু নির্যাতনের ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ঘটনার সঙ্গে জড়িত আরেক আসামি প্রধান শিক্ষক শারমিন জাহানকে গ্রেপ্তারে পুলিশের একটি আলাদা দল অভিযান চালাচ্ছে।

ঘটনাটি ঘটে গত ১৮ জানুয়ারি। নয়াপল্টনের মসজিদ রোডে অবস্থিত শারমিন একাডেমিতে প্রি-প্লে শ্রেণিতে পড়ুয়া চার বছরের কম বয়সী এক শিশুকে স্কুলের অফিসকক্ষে নির্যাতন করা হয়। এ ঘটনার একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, স্কুলের পোশাক পরা শিশুটিকে একটি অফিসকক্ষে নিয়ে যান এক নারী। তিনি শিশুটিকে চড় মারেন। পরে সেখানে থাকা এক পুরুষ শিশুটির ওপর শারীরিকভাবে চড়াও হন। শিশুটির গলা ও মুখ চেপে ধরা, মাথায় ঝাঁকি দেওয়া এবং ভয়ভীতি প্রদর্শনের দৃশ্য ভিডিওতে ধরা পড়ে। এ সময় শিশুটি আতঙ্কিত হয়ে কান্না করতে থাকে।

পুলিশ জানিয়েছে, ভিডিওতে থাকা নারী হলেন স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহান এবং পুরুষটি হলেন ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়া।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় শারমিন জাহান ও পবিত্র কুমার বড়ুয়াকে আসামি করা হয়েছে। শিশু আইনের ৭০ ধারায় মামলাটি নথিভুক্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন