- ১১ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ৩টার দিকে মাছ বাজার গলিতে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ একটি দোকান থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে মুদি দোকান, তেল মিল, ইলেকট্রনিকস সামগ্রীর দোকান, খেলনার দোকান ও কার্পেটের দোকানসহ মোট আটটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। আগুনে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ব্যবসায়ীরা কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন।
খবর পেয়ে লক্ষ্মীপুর ও রায়পুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর ভোরের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
রায়পুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার জসিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
প্রত্যক্ষদর্শী ছাইয়্যেদ তাহের ইজ্জুদ্দীন ও ব্যবসায়ী আবু ইউসুফ বলেন, চিৎকার শুনে ঘটনাস্থলে এসে দেখা যায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও তরুণরাও আগুন নেভাতে সহযোগিতা করেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।