- ১১ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। বাগেরহাট
বাগেরহাট সদর উপজেলার হাড়িখালি সুইচগেট এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত একটি ভবনের পাশ থেকে ছয়টি ককটেল উদ্ধার করা হয়েছে। পরে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৪০ মিনিট থেকে ভোর সাড়ে ৩টা পর্যন্ত ২৩ আরই ব্যাটালিয়নের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাড়িখালি সুইচগেটের ভেতরে থাকা একটি পরিত্যক্ত ভবনের পাশের মাটি খুঁড়ে প্লাস্টিকের বালতির মধ্যে লুকিয়ে রাখা ককটেলগুলো উদ্ধার করেন।
নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা থাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্বাচনের আগে বা ভোটের দিন বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এগুলো মজুত করে রেখেছিল।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, বৃহস্পতিবার সকালে র্যাবের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে এসে উদ্ধারকৃত ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করে। পুরো এলাকা ঘিরে রেখে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারা এসব বিস্ফোরক দ্রব্য সেখানে রেখেছিল, তা শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।