- ১১ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। বাগেরহাট
বাগেরহাটে যাত্রীবাহী মাহেন্দ্র ও একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ১২টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি চালতেতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোংলা থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে মাহেন্দ্রে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এতে আরও তিনজন গুরুতর আহত হন।
নিহতরা হলেন—মোংলা উপজেলার গোয়ালেরমেঠ গ্রামের জামির খানের ছেলে কাদের খান (২৭) এবং দোয়ারিজারা গ্রামের রতন মোল্লার ছেলে লাবলু মোল্লা (৩০)।
খবর পেয়ে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ঘটনার কারণ অনুসন্ধান করছে।