- ১২ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
রাজধানীর কাফরুল এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি মো. বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আলী হোসেন ও চামাইরা বাবু নামেও পরিচিত এবং এলাকাটিতে চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচয় রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার ভোরের দিকে উত্তর কাফরুলের আইসক্রিম ফ্যাক্টরি গলি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
ওসি সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিক তথ্য যাচাইয়ের জন্য সেনাবাহিনীর একটি গোয়েন্দা দল আগে ঘটনাস্থলে নজরদারি চালায়। তথ্য নিশ্চিত হওয়ার পর ভোর পৌনে চারটার দিকে পুলিশের সহায়তায় সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে বিল্লাল হোসেন উত্তর কাফরুল এলাকায় নিজের ব্যবহৃত অবৈধ অস্ত্রের অবস্থান সম্পর্কে তথ্য দেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী দুটি বিদেশি পিস্তল, গুলি, ধারালো অস্ত্রসহ বেশ কয়েকটি অবৈধ সামগ্রী উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের ঘটনায় কাফরুল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিল্লাল হোসেনের বিরুদ্ধে কাফরুল থানায় ১২টি এবং খিলগাঁও থানায় একটি মামলা রয়েছে।