Saturday, February 14, 2026

এনসিপির প্রার্থীদের বড় অংশ উচ্চশিক্ষিত, গড় বয়স ৩৪ বছর


প্রতীকী ছবিঃ এনসিপি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জামায়াতে ইসলামীসহ ১০ দলের সঙ্গে নির্বাচনী সমঝোতার আওতায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, দলটির প্রার্থীদের বড় একটি অংশ উচ্চশিক্ষিত এবং তুলনামূলকভাবে তরুণ।

এনসিপির ৩০ জন প্রার্থীর মধ্যে ২৬ জনই উচ্চশিক্ষা সম্পন্ন। তাঁদের মধ্যে দুইজন পিএইচডি ডিগ্রিধারী এবং ১৮ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন। এ ছাড়া চারজন স্নাতক পাস এবং দুইজন চিকিৎসক রয়েছেন। বাকি চার প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের।

পিএইচডি ডিগ্রিধারী দুই প্রার্থী হলেন কুড়িগ্রাম-২ আসনের আতিকুর রহমান মোজাহিদ এবং পিরোজপুর-৩ আসনের মো. শামীম হামিদী। স্নাতকোত্তর ডিগ্রিধারীদের মধ্যে রয়েছেন দলের শীর্ষ নেতারাও। সদস্যসচিব আখতার হোসেন (রংপুর-৪), মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (ঢাকা-৮) এবং মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (কুমিল্লা-৪) ও সারজিস আলম (পঞ্চগড়-১) স্নাতকোত্তর সম্পন্ন করে নির্বাচনে অংশ নিচ্ছেন। দলের দুই নারী প্রার্থী দিলশানা পারুল (ঢাকা-১৯) ও নাবিলা তাসনিদ (ঢাকা-২০)ও একই পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন।

এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামসহ চারজন প্রার্থী স্নাতক ডিগ্রিধারী। চিকিৎসক প্রার্থীদের মধ্যে রয়েছেন দিনাজপুর-৫ আসনের এমবিবিএস ডিগ্রিধারী মো. আবদুল আহাদ এবং ময়মনসিংহ-১১ আসনের বিডিএস ডিগ্রিধারী জাহিদুল ইসলাম, যাঁরা দলটির ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে লড়ছেন।

হলফনামার তথ্য অনুযায়ী, এনসিপির প্রার্থীদের গড় বয়স ৩৪ বছর। যদিও তিনজন প্রার্থীর বয়স সংক্রান্ত তথ্য উল্লেখ নেই। বয়সের দিক থেকে সবচেয়ে প্রবীণ প্রার্থী নাটোর-৩ আসনের এস এম জার্জিস কাদির, যাঁর বয়স ৬৪ বছর। তিনি রাজশাহীর নিউ ডিগ্রি গভর্নমেন্ট কলেজের সাবেক অধ্যক্ষ।

চল্লিশোর্ধ প্রার্থী রয়েছেন মোট চারজন। অন্যদিকে ৩০ বছরের কম বয়সী প্রার্থী আছেন ১০ জন। তাঁদের মধ্যে সবচেয়ে কম বয়সী তিনজন হলেন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম তাঁদের সবার বয়স ২৭ বছর।

পেশাগত দিক থেকে এনসিপির প্রার্থীদের মধ্যে ব্যবসায়ী ও পরামর্শকের সংখ্যা বেশি। আটজন প্রার্থী নিজেদের পেশা হিসেবে ব্যবসার কথা উল্লেখ করেছেন। চারজন পেশা হিসেবে পরামর্শক লিখেছেন। এ ছাড়া সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, ব্যাংকার, কৃষিকাজে যুক্ত ব্যক্তি ও উন্নয়নকর্মীও রয়েছেন দলটির প্রার্থী তালিকায়।

আয়ের হিসাবে দেখা গেছে, বার্ষিক আয়ে এগিয়ে আছেন নোয়াখালী-২ আসনের প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার। তাঁর বার্ষিক আয় ৫০ লাখ টাকা। বিপরীতে সবচেয়ে কম আয় দেখিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের শিক্ষক আশরাফ উদ্দিন মাহদী, যার বার্ষিক আয় প্রায় সাড়ে তিন লাখ টাকা।

সম্পদের দিক থেকে এনসিপির সবচেয়ে সম্পদশালী প্রার্থী ঢাকা-২০ আসনের নাবিলা তাসনিদ। তাঁর স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা। অন্যদিকে নরসিংদী-২ আসনের প্রার্থী সারোয়ার তুষারের মোট সম্পদের পরিমাণ মাত্র ৩ লাখ টাকা, যা তালিকায় সর্বনিম্ন।

এনসিপির ৩০ আসনের মধ্যে একটি আসন (মৌলভীবাজার-৪) বাংলাদেশ খেলাফত মজলিসের জন্যও উন্মুক্ত রাখা হয়েছে। ওই আসনে এনসিপির প্রার্থী প্রীতম দাশ, যিনি দলটির একমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন