- ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পি-টু-পি) লেনদেনে সাময়িক সীমাবদ্ধতা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে শুরু করে ভোটগ্রহণের দিন মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এই সময়কালে বিকাশ, নগদ, রকেটসহ সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে একবারে সর্বোচ্চ এক হাজার টাকা লেনদেন করা যাবে। দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেনের সুযোগ থাকলেও মোট অঙ্ক ১০ হাজার টাকার বেশি হতে পারবে না।
বাংলাদেশে কার্যরত সব এমএফএস প্রদানকারী প্রতিষ্ঠান এবং তপশিলি ব্যাংকগুলোর কাছে পাঠানো এক সার্কুলারে এসব নির্দেশনা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচনী সময়ে এমএফএস ও এনপিএসবির আওতাধীন আইবিএফটি ব্যবস্থার মাধ্যমে পি-টু-পি লেনদেনের অপব্যবহার ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সার্কুলারে উল্লেখ করা হয়, ৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা এই বিধিনিষেধ বহাল থাকবে। এই সময়ের মধ্যে পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং বা আইবিএফটির মাধ্যমে অর্থ স্থানান্তর সম্পূর্ণ বন্ধ থাকবে।
তবে মার্চেন্ট পেমেন্ট এবং ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে বিদ্যমান নিয়মে লেনদেন চালু থাকবে। এ ছাড়া অন্যান্য সব ধরনের এমএফএস লেনদেন নির্ধারিত সময়ের জন্য স্থগিত থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নির্বাচনকালীন সময়ে এমএফএস-সংক্রান্ত যেকোনো অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানকে নিজস্ব কুইক রেসপন্স সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সব লেনদেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখতে এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় জানাতে বলা হয়েছে।
এছাড়া নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন অনুযায়ী এমএফএস প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমা শেষ হলে এমএফএসে সব ধরনের লেনদেন আবার স্বাভাবিক নিয়মে চালু হবে বলে জানানো হয়েছে।