Wednesday, April 15, 2026

রাবিতে চালু হলো হাইস্পিড ফ্রি ওয়াই-ফাই, পর্যায়ক্রমে বাড়বে সেবা


ছবিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। রাজশাহী 

ক্যাম্পাসে ডিজিটাল সুবিধা বাড়াতে উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ও দ্রুতগতির ওয়াই-ফাই সেবা চালুর কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ধাপে হাইস্পিড (৫-জি) ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে পরিবহন মার্কেটের স্যুভেনির শপ এলাকা এবং কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এই সেবা চালু হয়েছে। পর্যায়ক্রমে ক্যাম্পাসের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও এ সুবিধা সম্প্রসারণ করা হবে।

‘RU WiFi 5G’ নামে চালু হওয়া নেটওয়ার্কটি ৫-জি সমর্থিত স্মার্টফোন, ট্যাব ও ল্যাপটপে ব্যবহার করা যাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ ইন্টারনেট আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা এ সেবা গ্রহণ করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও উন্নত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দ্রুত ফ্রি ওয়াই-ফাই সেবা নিশ্চিত করার নির্দেশনা দেয়। প্রাথমিকভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরি, কমনরুম ও ক্যাফেটেরিয়ায় এই সুবিধা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে আবাসিক হলসহ অন্যান্য স্থানে সম্প্রসারণ করা হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন