Wednesday, April 15, 2026

জুলাই থেকে শুরু হচ্ছে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি: সংসদে প্রধানমন্ত্রী


ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

আগামী ১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ চালু করতে যাচ্ছে সরকার। এ কর্মসূচির আওতায় দেশের অবশিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী প্রাথমিক শিক্ষকদের ইংরেজি প্রশিক্ষণ বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন।

প্রধানমন্ত্রী জানান, বর্তমানে দেশে প্রায় ৩ লাখ ৭৬ হাজার প্রাথমিক শিক্ষক কর্মরত আছেন। এর মধ্যে ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র আওতায় ইতোমধ্যে প্রায় ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নতুন কর্মসূচির মাধ্যমে বাকি শিক্ষকদেরও প্রশিক্ষণের আওতায় আনা হবে।

তিনি বলেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের দক্ষতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এ কর্মসূচি তারই অংশ।

এ সময় প্রধানমন্ত্রী দেশের সুনীল অর্থনীতির উন্নয়ন নিয়েও কথা বলেন। তিনি জানান, সমুদ্রসম্পদের টেকসই ব্যবহারের লক্ষ্যে ম্যারিটাইম স্পেশাল প্ল্যানিং (এমএসপি) কার্যক্রম নিয়ে সরকার কাজ করছে। প্রয়োজন হলে ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই এ খাতে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

অধিবেশনে সম্পূরক প্রশ্নে বেসরকারি বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নীতিমালা প্রসঙ্গে তিনি বলেন, এসব প্রতিষ্ঠান স্বশাসিত হওয়ায় নিয়োগের দায়িত্ব তাদের নিজস্ব। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব এলে সরকার তা বিবেচনায় নেবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন