- ০২ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। রাজশাহী
পুলিশ কোনো রাজনৈতিক দল, ব্যক্তি কিংবা বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষার বাহিনী নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বলেছেন, জনগণের বন্ধু ও সেবক হিসেবে নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করাই পুলিশের প্রধান দায়িত্ব।
রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের প্রথম পর্যায়ের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবাধিকার সুরক্ষায় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হলে পুলিশকে সব ধরনের রাজনৈতিক প্রভাব, পক্ষপাত ও গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে।
তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় একটি পুলিশ বাহিনীর সবচেয়ে বড় শক্তি হলো জনগণের বিশ্বাস। তাই সংবিধান ও আইনের প্রতি পূর্ণ আনুগত্য বজায় রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য না দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।
অপরাধের পরিবর্তিত ধরন তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে অপরাধের ক্ষেত্র ও কৌশলও দ্রুত বদলে যাচ্ছে। সাইবার অপরাধ, অনলাইন জালিয়াতি, ডিজিটাল প্রতারণাসহ প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে দক্ষ ও প্রশিক্ষিত হতে হবে।
তিনি আরও বলেন, জনগণের সঙ্গে মানবিক ও আস্থাভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে পারলেই পুলিশকে প্রকৃত অর্থে জনমুখী বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে। মানুষের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশের প্রতি জনবিশ্বাস আরও সুদৃঢ় করতে হবে।
প্রশিক্ষণ সম্পন্ন করা নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে সালাহউদ্দীন আহমদ বলেন, দেশপ্রেম, সততা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধকে ধারণ করে কর্মজীবনে এগিয়ে যেতে হবে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা জনগণের কল্যাণে কাজে লাগিয়ে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানানো হয়। এ সময় বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী তিনজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার প্রিন্সিপাল ও অতিরিক্ত আইজিপি জিএম আজিজুর রহমানসহ পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক এবং নবীন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।