Monday, August 3, 2026

প্রান্তিক মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা পৌঁছে দিতে সরকার কাজ করছে: মির্জা ফখরুল


ফাইল ছবিঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঠাকুরগাঁও 

উত্তরাঞ্চলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অনেকের পক্ষে অর্থনৈতিক সংকট ও নানা সীমাবদ্ধতার কারণে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়া সম্ভব হয় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গ্রামের সাধারণ মানুষের হাতের নাগালে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধভাবে কাজ করছে।

রোববার (২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালে নেপাল সরকারের সহায়তায় আয়োজিত চার দিনব্যাপী বিশেষ চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নেপাল সরকারের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সুসম্পর্কের ফল হিসেবে যৌথ উদ্যোগে এ ধরনের বিশেষ চক্ষু শিবির আয়োজন করা সম্ভব হয়েছে। এই উদ্যোগ উত্তরাঞ্চলের চক্ষুরোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি অন্ধত্ব প্রতিরোধ ও দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে ঠাকুরগাঁও জেলার প্রতিটি উপজেলায় এ ধরনের আই ক্যাম্পের কার্যক্রম সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আগামী বছর থেকে ঠাকুরগাঁও মেডিকেল কলেজে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে। এর আগে আগামী কয়েক মাসের মধ্যেই প্রস্তাবিত মেডিকেল কলেজের মূল অবকাঠামো নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, জেলার ক্রমবর্ধমান চিকিৎসাসেবার চাহিদা বিবেচনায় ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে ইতোমধ্যে ৬০০ শয্যায় উন্নীত করা হয়েছে। এর মাধ্যমে জেলার পাশাপাশি আশপাশের এলাকার মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক এ চিকিৎসাসেবা কার্যক্রমে নেপালের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. চেট রাজ পাটের নেতৃত্বে ১২ সদস্যের একটি অভিজ্ঞ চিকিৎসক দল অংশ নিচ্ছে। তারা চার দিনব্যাপী শিবিরে রোগীদের চোখ পরীক্ষা, পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেবেন।

ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি এর আগে প্রায় ২০ হাজার চক্ষুরোগীকে চিকিৎসাসেবা দিয়েছে। এবার আয়োজিত বিশেষ চক্ষু শিবিরে চিকিৎসা নিতে ইতোমধ্যে প্রায় ৬ হাজার রোগী নিবন্ধন করেছেন। প্রথম ধাপে প্রায় ৩ হাজার রোগীকে সরাসরি উন্নত চক্ষু চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে বলে আশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার সকাল থেকেই বিনামূল্যে উন্নত চক্ষু চিকিৎসাসেবা নিতে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত সাধারণ ও প্রান্তিক মানুষ হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতিক কার্কি। সম্মানিত অতিথি ছিলেন পদ্ম নারায়ন চৌধুরী।

এ ছাড়া ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতালের সভাপতি ডা. আবু মোহাম্মদ খয়রুল কবির, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন