- ০২ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। বগুড়া
বগুড়ার ধুনট উপজেলায় দলীয় শৃঙ্খলা ও সংগঠনের নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিমগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর রুকন মোশাররফ হোসেনের রুকনিয়াত বা সদস্য পদ বাতিল করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জুলাই অনুষ্ঠিত জামায়াতে ইসলামী বগুড়া জেলা কর্মপরিষদের বৈঠকে মোশাররফ হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকের সুপারিশের পরিপ্রেক্ষিতে দলটির আমির তার রুকনিয়াত বাতিলের সিদ্ধান্ত নেন।
সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে মোশাররফ হোসেনের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তার ব্যক্তিগত বক্তব্য, কার্যক্রম কিংবা ভবিষ্যৎ কোনো কর্মকাণ্ডের দায় সংগঠন বহন করবে না বলে জানিয়েছে দলটি।
বিবৃতিতে আরও বলা হয়, সংগঠনের আদর্শ, গঠনতন্ত্র, সাংগঠনিক শৃঙ্খলা ও নৈতিক মানদণ্ড অক্ষুণ্ন রাখতে জামায়াতে ইসলামী সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডে কেউ জড়িত হলে গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ বিষয়ে বগুড়া জেলা জামায়াতের প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের জানান, মোশাররফ হোসেন ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদের একজন সদস্য। সংগঠনের রীতিনীতি ও নৈতিক মানদণ্ডবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আমিরে জামায়াতের সিদ্ধান্ত অনুযায়ী তার রুকনিয়াত বাতিল করা হয়েছে।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে মোশাররফ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।