- ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
প্রয়াত কোরীয় অভিনেত্রী কিম সে-রন অভিনীত সিনেমা ‘এভরিডে উই আর’ ৪ মার্চ মুক্তি পাবে। ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি মাত্র ২৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন কিম। মৃত্যুর প্রায় এক বছর পরই এই ছবির মুক্তির ঘোষণা এসেছে।
সিনেমায় কিশোর-কিশোরীর প্রথম প্রেমের অভিজ্ঞতা কেন্দ্র করে গল্প এগিয়ে যায়। কিম সে-রন ইয়ো-উল নামের একটি শিক্ষার্থী চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটি শৈশবের এক বন্ধুকে প্রেমের প্রস্তাব দেয়।
ছবিটির শুটিং ২০২১ সালে শেষ হয়েছিল। ২০২২ সালে কিম মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনায় বিতর্কে পড়েন, যার কারণে মুক্তি আটকে যায়। সেই ঘটনায় তাঁকে ২০ মিলিয়ন ওয়ান (প্রায় ১৪ হাজার ডলার) জরিমানা করা হয়। বিতর্কের পর ইন্ডাস্ট্রির বেশ কিছু সময় থেকে তিনি দূরে ছিলেন। তবে ২০২৩ সালে নেটফ্লিক্সের সিরিজ ‘ব্ল্যাডহাউন্ডস’ দিয়ে আবার কাজে ফিরেন।
কিম সে-রন ২০০০ সালে জন্মগ্রহণ করেন এবং মাত্র ৯ বছর বয়সে অভিনয় শুরু করেন। প্রথম খ্যাতি পান ‘আ ব্র্যান্ড নিউ লাইফ’ সিনেমার মাধ্যমে, যা তাকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি এনে দেয় এবং কান উৎসবে অংশ নেন। এরপর ‘দ্য নেইবার’, ‘আ গার্ল অ্যাট মাই ডোর’, ‘দ্য কুইনস ক্লাসরুম’, ‘হাই! স্কুল-লাভ অন’, ‘মিরর অব দ্য উইচ’সহ বেশ কিছু আলোচিত সিনেমা ও সিরিজে কাজ করেন।
২০১৮ সালের অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘দ্য ভিলেজার্স’ তাঁর খ্যাতি আরও বৃদ্ধি করে। ‘এভরিডে উই আর’ কিম সে-রনের শেষ অভিনীত সিনেমা হিসেবে শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে।