- ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
এআই-ভিত্তিক স্টার্টআপ অ্যানথ্রোপিক বুধবার ঘোষণা করেছে, তারা সিয়াটলের এআই স্টার্টআপ ভারসেপ্ট অধিগ্রহণ করেছে। ভারসেপ্ট মূলত জটিল এজেন্টিক টাস্ক পরিচালনার জন্য বিভিন্ন সফটওয়্যার তৈরি করত, যার মধ্যে রয়েছে তাদের প্রধান পণ্য ভিঅয়াই, যা ক্লাউডে একটি কম্পিউটার এজেন্ট হিসেবে কাজ করতে পারত এবং রিমোটে অ্যাপল ম্যাকবুক চালাতে সক্ষম ছিল। এই অধিগ্রহণের পর ২৫ মার্চ ভারসেপ্ট-এর পণ্য বন্ধ করা হবে।
ভারসেপ্ট-এর প্রতিষ্ঠাতা দল মূলত অ্যালেন ইনস্টিটিউট ফর এআই-এর সঙ্গে সংযুক্ত ছিল। সহ-প্রতিষ্ঠাতা ম্যাট ডেইটকে, যিনি গত বছর মেটা-র সুপারইন্টেলিজেন্স ল্যাবে যোগদানের জন্য ২৫০ মিলিয়ন ডলারের চুক্তি করেছিলেন, বুধবার এক্স-এ তার সহকর্মীদের অভিনন্দন জানিয়েছেন।
ভারসেপ্ট এর সিইও কিয়ানা এহসানি জানিয়েছিলেন, কোম্পানিটি মোট ৫০ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে, যেখানে প্রধান বিনিয়োগকারী ছিলেন A12 ইনকিউবেটরের বোর্ড সদস্য সেথ ব্যানন। আগের এক রাউন্ডে কোম্পানিটি ১৬ মিলিয়ন ডলার সীড তহবিল সংগ্রহ করেছিল। উল্লেখযোগ্য এঞ্জেল বিনিয়োগকারীদের মধ্যে ছিলেন গুগলের সাবেক সিইও এরিক শ্মিড, গুগল ডিপমাইন্ডের প্রধান বিজ্ঞানী জেফ ডিন, ক্রুজ-এর প্রতিষ্ঠাতা কাইল ভোগ্ট, এবং ড্রপবক্স-এর সহ-প্রতিষ্ঠাতা আরাশ ফেরদৌসী।
অধিগ্রহণের অংশ হিসেবে, এহসানি, লুকা ওয়েইস এবং রস গিরশিক অ্যানথ্রোপিক-এ যোগ দিচ্ছেন। তবে সহ-প্রতিষ্ঠাতা ওরেন এটজোনি এবং ম্যাট ডেইটকে এই অধিগ্রহণে যোগ দিচ্ছেন না। এটজোনি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ভারসেপ্ট মাত্র এক বছরের বেশি সময়ের মধ্যেই কার্যক্রম বন্ধ করছে এবং গ্রাহকদের ৩০ দিনের মধ্যে প্ল্যাটফর্ম থেকে সরতে হবে।
এহসানি লিঙ্কডইন পোস্টে উল্লেখ করেছেন, “আমাদের সামনে দুটি পথ ছিল—স্বতন্ত্রভাবে কাজ করা বা একটি অসাধারণ দলের সঙ্গে মিলে দ্রুত আমাদের ভিশন বাস্তবায়ন করা। সিদ্ধান্তটি সহজ হয়ে গেল এবং আমরা অ্যানথ্রোপিক-এর সঙ্গে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম।”
এই অধিগ্রহণ এআই এজেন্ট প্রযুক্তির ক্ষেত্রে অ্যানথ্রোপিক-এর ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং ভারসেপ্ট-এর প্রতিভাবান গবেষক দলকে নতুন দলে অন্তর্ভুক্ত করবে।