- ১৫ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশন–এর সহসভাপতি জুবাইদা রহমান বলেছেন, বিশেষভাবে সক্ষম শিশুরাও দেশের ভবিষ্যৎ সম্পদ। কোনো প্রতিবন্ধকতা যেন তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কড়াইল বস্তিতে প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনভিত্তিক ‘শিশুস্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুবাইদা রহমান বলেন, বর্তমান সময়ে বিজ্ঞান ও আধুনিক চিকিৎসার সহায়তায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়েছে। সময়মতো সঠিক চিকিৎসা ও সহযোগিতা পেলে তারাও আত্মবিশ্বাস নিয়ে সমাজে এগিয়ে যেতে পারবে। তিনি বলেন, এই প্রকল্প শুধু শিশুদের নয়, তাদের মায়েদের মানসিক ও সামাজিক সহায়তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ট্রেন ও লঞ্চে ভাড়ার বিশেষ সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি বলেন, দেশে প্রায় ৩৫ লাখ গুরুতর প্রতিবন্ধী শিশু রয়েছে, যাদের বড় অংশই প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত। তাদের দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা ও পুনর্বাসনের লক্ষ্যে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।
তিনি জানান, দুই দশকের গবেষণার ভিত্তিতে ‘শিশুস্বর্গ’ মডেল তৈরি করা হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করে প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সমাজকল্যাণ কার্যক্রমের আওতায় আনা হবে। প্রথমে ১০টি উপজেলায় পাইলট প্রকল্প চালুর পর ধাপে ধাপে সারা দেশে এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বাস, ট্রেন ও ভবনে বিশেষ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি হোটেল ও রেস্তোরাঁয় প্রতিবন্ধীবান্ধব ব্যবস্থা না থাকলে ট্রেড লাইসেন্স না দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, বিশেষভাবে সক্ষম মানুষদের মূলধারায় যুক্ত না করে মানবিক সমাজ গঠন সম্ভব নয়। তাদের শিক্ষা, থেরাপি ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার কাজ করছে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো প্রতিটি নাগরিকের সক্ষমতা বিকাশের সুযোগ নিশ্চিত করা। তিনি বলেন, সমতা ও মর্যাদাভিত্তিক সমাজ গড়তে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠান শুরুর আগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের তৈরি বিভিন্ন শিক্ষাসামগ্রী ও পণ্যের স্টল পরিদর্শন করেন অতিথিরা। এ সময় শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের উৎসাহ দেন জুবাইদা রহমান।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে চালু হওয়া এই কর্মসূচিকে বিশেষ শিশুদের উন্নয়ন ও পুনর্বাসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।