Wednesday, February 4, 2026

প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ক্যাথরিন ও’হারা আর নেই


ছবিঃ ক্যাথরিন ও’হারা (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ক্যাথরিন ও’হারা ৭১ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার ম্যানেজমেন্ট এজেন্সি। ম্যানেজার মার্ক গারভিটজ জানিয়েছেন, অভিনেত্রীকে ভোরের আগে লস অ্যাঞ্জেলেসের ব্রেন্টউডে অবস্থিত তার নিজ বাসা থেকে হাসপাতালে নেওয়া হয়েছিল। মৃত্যুর সঠিক কারণ প্রকাশ করা হয়নি।

ক্যাথরিন ও’হারা বিশ্বব্যাপী পরিচিতি পান টিভি সিরিজ ‘শিটস ক্রিক’ এবং জনপ্রিয় সিনেমা ‘হোম অ্যালোন’ এর মাধ্যমে। তিনি কানাডার টরন্টোতে জন্মগ্রহণ করেন এবং সেখানকার কমেডি থিয়েটার গ্রুপ সেকেন্ড সিটি থেকে তাঁর অভিনয় জীবন শুরু করেন। চলচ্চিত্রে অভিষেক ঘটে ১৯৮০ সালে ‘ডাবল নেগেটিভ’ সিনেমার মাধ্যমে।

১৯৮৮ সালে টিম বার্টনের ‘বিটলজুস’ সিনেমায় উইনোনা রাইডারের সৎমায়ের চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা পান। ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত ‘হোম অ্যালোন’ সিনেমায় ম্যাকোলে কালকিন অভিনীত কেভিন চরিত্রের মায়ের ভূমিকায় তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে ‘হোম অ্যালোন ২: লস্ট ইন নিউইয়র্ক’-এ আগের চরিত্রে ফিরে আসেন।

ক্যাথরিন ও’হারা আধুনিক দর্শকের কাছে বিশেষভাবে পরিচিত হন ‘শিটস ক্রিক’ সিরিজের মোইরা রোজ চরিত্রের মাধ্যমে। এই চরিত্রের জন্য তিনি ২০২০ সালে সেরা প্রধান অভিনেত্রী হিসেবে এমি অ্যাওয়ার্ড জিতেছেন এবং পাশাপাশি অর্জন করেছেন গোল্ডেন গ্লোব ও স্যাগ অ্যাওয়ার্ড।

হলিউডে তাঁর মৃত্যুতে সহশিল্পীরা শোক প্রকাশ করেছেন। ‘হোম অ্যালোন’-এর সহঅভিনেতা ম্যাকোলে কালকিন ইনস্টাগ্রামে লিখেছেন, “মা, আমি ভেবেছিলাম আমাদের হাতে আরও সময় আছে। তোমার পাশে বসে আরও কথা বলতে চেয়েছিলাম। তোমাকে ভালোবাসি।”

ক্যাথরিন ও’হারা ছিলেন কমেডি ও ড্রামা—উভয় ধারায় সমানভাবে পারদর্শী। টেলিভিশন ও চলচ্চিত্রের জগতে তার স্মরণীয় অবদানের কারণে হলিউডে তার মৃত্যু এক যুগান্তকারী ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন