Saturday, October 3, 2026

প্রবাসীদের বিনিয়োগে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা এম ক্যাপিটালের


ছবিঃ ১ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার ঘোষণা দিল সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের এম ক্যাপিটাল (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

প্রবাসী বাংলাদেশিদের সঞ্চিত অর্থকে দেশের উৎপাদনশীল খাত ও দীর্ঘমেয়াদি বিনিয়োগে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে ১০০ কোটি মার্কিন ডলারের বিশেষায়িত তহবিল গঠনের ঘোষণা দিয়েছে বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এম ক্যাপিটাল। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুরের নেতৃত্বে পরিচালিত প্রতিষ্ঠানটি এই তহবিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করার কথা জানিয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘ডাকছে বাংলাদেশ’ শীর্ষক এক উদ্বোধনী অনুষ্ঠানে তহবিলটির ঘোষণা দেওয়া হয়। এম ক্যাপিটালের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।

অনুষ্ঠানে অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রবাসীদের দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান ও আন্তর্জাতিক অভিজ্ঞতাকে দেশের উৎপাদনশীল কর্মকাণ্ডে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন। তরুণ প্রজন্মের মেধা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সামাজিক ব্যবসা ও নতুন উদ্যোগ এগিয়ে নেওয়ার আহ্বানও জানান তিনি।

বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী দেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি এবং কাঠামোগত সংস্কারের অগ্রগতি তুলে ধরেন। বিদেশি ও প্রবাসী উদ্যোক্তাদের বাংলাদেশে এসে ব্যবসার বাস্তব পরিবেশ দেখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এতে দেশের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে নতুন করে আস্থা তৈরির সুযোগ রয়েছে।

তহবিলের কাঠামো তুলে ধরে এম ক্যাপিটালের চেয়ারম্যান আহসান এইচ মনসুর জানান, ১০০ কোটি ডলারের সামগ্রিক কাঠামোর আওতায় তিনটি পৃথক তহবিল গঠন করা হবে। এগুলো হলো ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফান্ড, ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ড এবং হেলথকেয়ার ইমপ্যাক্ট ফান্ড।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি তহবিল দেশীয় ও আন্তর্জাতিক আইন এবং সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণ করে পরিচালিত হবে। তহবিলের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাধীন উপদেষ্টাদের তদারকি থাকবে। বিনিয়োগের ক্ষেত্রে দুই বছরের ‘লক-ইন’ সময়সীমা রাখার কথাও জানানো হয়েছে।

তহবিলের ট্রাস্টি ও কাস্টডিয়ানের দায়িত্বে থাকবে ব্র্যাক ব্যাংক। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছে এই বিনিয়োগ উদ্যোগ পৌঁছে দিতে প্রায় ১০০টি প্রধান শহরে কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্য নিয়েছে এম ক্যাপিটাল।

আহসান এইচ মনসুর বলেন, ‘ডাকছে বাংলাদেশ’ শুধু একটি প্রচারণামূলক উদ্যোগ নয়; এর মাধ্যমে প্রবাসীদের সঞ্চিত অর্থ, বৈশ্বিক যোগাযোগ এবং পেশাগত অভিজ্ঞতাকে বাংলাদেশের অর্থনীতির সঙ্গে যুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

তাঁর বক্তব্য অনুযায়ী, প্রবাসীদের মূলধনকে উৎপাদনশীল খাতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর ও উচ্চমূল্যের বিনিয়োগের গন্তব্য হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি হতে পারে।

এম ক্যাপিটাল জানিয়েছে, প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হলো প্রবাসী ও স্থানীয় বিনিয়োগকারীদের মূলধন দেশের বিভিন্ন উৎপাদনশীল খাতে বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করা। প্রতিষ্ঠানটির নিবন্ধিত প্রধান কার্যালয় ঢাকার বনানীতে অবস্থিত।

নতুন এই তহবিলের মাধ্যমে প্রবাসীদের সঞ্চিত মূলধনকে দেশের আর্থিক সেবা, স্বাস্থ্যসেবা এবং পুনর্গঠন বা সংকটাপন্ন সম্পদ ব্যবস্থাপনার মতো নির্দিষ্ট খাতে বিনিয়োগের সুযোগ তৈরির কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন