Monday, October 5, 2026

মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী


ফাইল ছবিঃ বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

দেশের বাজারে আমদানিনির্ভর ফলের সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ব্যবসায়ীদের দ্রুত ঋণপত্র (এলসি) খুলে মাল্টাসহ বিভিন্ন বিদেশি ফল আমদানির নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে খুচরা বাজারে প্রতি কেজি মাল্টার দাম ৫২০ টাকা হওয়ার কারণও জানতে চেয়েছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বাণিজ্যমন্ত্রী। সভায় ফলের সরবরাহ নিশ্চিত করা এবং বাজারমূল্য স্থিতিশীল রাখার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়।

মাল্টার বর্তমান বাজারদাম নিয়ে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী ব্যবসায়ীদের কাছে জানতে চান, আমদানি মূল্য, শুল্ক-কর, পরিবহনসহ অন্যান্য খরচ যোগ করার পরও কীভাবে খুচরা বাজারে মাল্টার দাম কেজিপ্রতি ৫২০ টাকায় পৌঁছাচ্ছে।

অস্বাভাবিক দামে মাল্টা বিক্রির প্রমাণ পাওয়া গেলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি। বাজারে কোনো পক্ষকে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ানোর সুযোগ দেওয়া হবে না বলে জানান বাণিজ্যমন্ত্রী।

সভায় ব্যবসায়ীরা মাল্টার দাম বাড়ার পেছনে সরবরাহ সংকটকে অন্যতম কারণ হিসেবে তুলে ধরেন। তাঁদের তথ্য অনুযায়ী, কোনো কোনো সপ্তাহে দেশে মাত্র ১২ থেকে ২৯ কনটেইনার মাল্টা এসেছে। অথচ দেশের স্বাভাবিক চাহিদা মেটাতে প্রতিদিন প্রায় ১৫ কনটেইনার মাল্টার প্রয়োজন।

আমদানিকারকদের দাবি, উচ্চ শুল্ক, পরিবহন ব্যয়, জাহাজ ও বন্দরের বিভিন্ন জটিলতা এবং আগের চালানে লোকসানের কারণে অনেক ব্যবসায়ী মাল্টা আমদানি কমিয়ে দিয়েছেন। এর সঙ্গে পচনশীল পণ্য হওয়ায় দীর্ঘ সময় পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রে বাড়তি আর্থিক ঝুঁকিও রয়েছে।

ব্যবসায়ীদের বক্তব্য শোনার পর মাল্টা আমদানির শুল্কসংক্রান্ত বিষয় পর্যালোচনার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। একই সঙ্গে বিকল্প দেশ বা উৎস থেকে আমদানি বাড়ানোর পাশাপাশি দ্রুত এলসি খুলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে সরবরাহ বাড়ানোর তাগিদ দেন তিনি।

আসন্ন মৌসুমের চাহিদা বিবেচনায় ব্যবসায়ীদের এখন থেকেই খেজুর আমদানির প্রস্তুতি নিতে বলেছেন বাণিজ্যমন্ত্রী। খেজুরের শুল্কসংক্রান্ত বিষয়ে চলতি সপ্তাহের মধ্যেই সরকারের সিদ্ধান্ত জানানো হবে বলে সভায় উল্লেখ করা হয়।

খেজুরের অ্যাসেসমেন্ট ভ্যালু বা শুল্কায়ন মূল্য নির্ধারণ নিয়ে দীর্ঘদিনের জটিলতা নিরসনেও উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আগামী কয়েক দিনের মধ্যে আমদানিকারকদের সঙ্গে বৈঠক করবে।

বিভিন্ন মান ও গ্রেডের খেজুরের আন্তর্জাতিক বাজারমূল্য ও প্রকৃত উৎসমূল্য যাচাই করে একটি যৌক্তিক নির্দেশক মূল্য নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। পরে সেই প্রস্তাব জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে পাঠানো হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, শুল্কায়ন পদ্ধতিতে এমন ভারসাম্য থাকতে হবে, যাতে ব্যবসায়ীরা অযৌক্তিক মূল্যায়নের কারণে ক্ষতিগ্রস্ত না হন। একই সঙ্গে পণ্যের প্রকৃত মূল্য কম দেখিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগও থাকা উচিত নয়।

সরকার ও ব্যবসায়ী উভয় পক্ষকে স্বচ্ছতা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। তাঁর মতে, কোনো পক্ষ কারসাজির চেষ্টা করলে শুধু একটি পণ্যের বাজার নয়, পুরো বাজারব্যবস্থার ওপরই আস্থার সংকট তৈরি হতে পারে।

সভায় এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন মান ও গ্রেডের খেজুরের প্রকৃত ক্রয়মূল্যে পার্থক্য থাকলেও শুল্কায়নের ক্ষেত্রে সব সময় সেই পার্থক্য যথাযথভাবে প্রতিফলিত হয় না। তাই আন্তর্জাতিক বাজারদর ও উৎসমূল্য বিবেচনায় নিয়ে বাস্তবসম্মত শুল্কায়ন মূল্য নির্ধারণের বিষয়ে আলোচনা হয়েছে।

অন্যদিকে খেজুর আমদানিকারকেরা জানান, আন্তর্জাতিক পরিবহনব্যবস্থা ও বন্দরের বিভিন্ন জটিলতার কারণে দেশে পণ্য পৌঁছাতে আগের তুলনায় বেশি সময় লাগছে। ফলে মৌসুমের চাহিদা মেটাতে আগেভাগেই আমদানি প্রক্রিয়া শুরু করা প্রয়োজন।

সভায় ব্যবসায়ীরা বিকল্প উৎস থেকে মাল্টাসহ বিভিন্ন বিদেশি ফল আমদানি বাড়ানোর আশ্বাস দেন। সরকারের পক্ষ থেকেও আমদানির ক্ষেত্রে শুল্ক-কর, শুল্কায়ন এবং প্রক্রিয়াগত সমস্যাগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়।

মতবিনিময় সভায় বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম, এনবিআরের প্রতিনিধি, বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন