- ৩০ মার্চ, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন নীতিমালা-২০২৬ প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন নীতিমালা অনুযায়ী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে নির্বাচিত হতে হলে প্রার্থীকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। তবে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুপারিশে মন্ত্রণালয় বিশেষ ক্ষেত্রে মনোনয়ন দিতে পারবে।
নীতিমালায় বলা হয়েছে, প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হবে। এতে প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি অভিভাবক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বা শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হবে।
বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, নতুন কমিটিতে মাদ্রাসা ও কওমি মাদ্রাসার শিক্ষক প্রতিনিধিকেও অন্তর্ভুক্ত করার বিধান রাখা হয়েছে। এছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্য থেকে একজন প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে থাকবেন অভিভাবক প্রতিনিধি হিসেবে নারী ও পুরুষ সদস্য, জমিদাতা বা তাঁর উত্তরাধিকারী (যদি থাকেন), স্থানীয় ওয়ার্ড সদস্য বা কাউন্সিলর এবং ক্যাচমেন্ট এলাকার একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বা শিক্ষক।
কমিটির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হবেন সদস্যদের মধ্য থেকে, তবে প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি এবং বাইরের শিক্ষক প্রতিনিধিরা এ পদে নির্বাচিত হতে পারবেন না।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বে জারি করা ব্যবস্থাপনা কমিটি সংক্রান্ত সব আদেশ ও প্রজ্ঞাপন বাতিল করে এই নতুন নীতিমালা কার্যকর করা হয়েছে। এর মাধ্যমে বিদ্যালয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক নেতৃত্ব নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।