Wednesday, May 20, 2026

পল্লবীতে সাত বছরের শিশুর নৃশংস হত্যাকাণ্ড: গ্রেপ্তার সোহেল রানা আদালতে হাজির


ছবিঃ হাজতখানা থেকে সোহেল রানাকে আদালতে হাজির করা হচ্ছে। আজ বুধবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

রাজধানীর পল্লবী এলাকায় সাত বছর বয়সী এক কন্যাশিশুর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার সোহেল রানাকে আদালতে হাজির করা হয়েছে। বুধবার তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান জানান, আসামি সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে আবেদন করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে আটক রাখার আবেদনও করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বেলা সোয়া তিনটার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে হাজতখানা থেকে সোহেল রানাকে আদালতে নেওয়া হয়। এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত কিছু লোক তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পরে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে তোলা হয়।

পুলিশের আবেদনে বলা হয়, নিহত শিশুটি রাজধানীর একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত সোমবার সকাল সাড়ে নয়টার দিকে সে বাসা থেকে বের হয়। অভিযোগ অনুযায়ী, পরে তাকে কৌশলে অভিযুক্তদের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়।

আরও বলা হয়, সকাল সাড়ে দশটার দিকে শিশুটিকে খুঁজতে শুরু করেন তার পরিবারের সদস্যরা। একপর্যায়ে অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে শিশুটির জুতা দেখতে পান তারা। দরজায় সাড়া না পেয়ে স্বজন ও প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

পুলিশ জানায়, ভেতরে একটি কক্ষে শিশুটির মস্তকবিহীন মরদেহ পাওয়া যায় এবং আরেকটি কক্ষে একটি বালতির মধ্যে তার মাথা রাখা ছিল। মরদেহটি বাথরুম থেকে শয়নকক্ষে এনে খাটের নিচে রাখা হয়েছিল বলেও আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে আরও বলা হয়, ঘটনাটি গোপন করার উদ্দেশ্যে ধারালো অস্ত্র ব্যবহার করে শিশুটির শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করা হয় এবং মরদেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার পর সোহেল রানা ফ্ল্যাটের জানালার গ্রিল কেটে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

তদন্ত কর্মকর্তার দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আদালতে রিমান্ড ও জবানবন্দির আবেদন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন