Tuesday, June 16, 2026

পিরোজপুরে ছেলে হত্যায় মা গ্রেফতার, ১৬৪ ধারায় স্বীকারোক্তি


ছবিঃ মঠবাড়িয়া থানা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। পিরোজপুর

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের আলোচিত পোশাক ব্যবসায়ী আবদুল কাইয়ুম হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের মা মিনারা বেগমকে (৫৩) গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ২৪ মে সংঘটিত এ হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ তদন্ত, আলামত সংগ্রহ এবং বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা হয়। গ্রেফতারের পর মিনারা বেগম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, তদন্তে জানা গেছে নিহত আবদুল কাইয়ুম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন মাদকের জন্য অর্থ চাওয়াকে কেন্দ্র করে মা ও ছেলের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ক্ষোভের বশে মিনারা বেগম ঘরে থাকা একটি কুড়াল দিয়ে ছেলেকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, ঘটনার পর নিহতের ব্যবহৃত মানিব্যাগ তল্লাশি করে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এসব আলামত, প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষ্য এবং তদন্তে পাওয়া তথ্য বিশ্লেষণ করে হত্যার নেপথ্যের ঘটনা সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ।

স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ঘটনাটিকে পারিবারিক কলহ ও মাদকাসক্তির ভয়াবহ পরিণতি হিসেবে দেখছেন।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন