- ৩০ মার্চ, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দেশের পাঁচটি সিটিতে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম প্রকাশ করেন।
ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া কুমিল্লা সিটিতে তারিকুল ইসলাম, রাজশাহী সিটিতে মো. মোবাশ্বের আলী এবং সিলেট সিটিতে আবদুর রহমান আফজালকে প্রার্থী করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকারে দীর্ঘদিন ধরে নির্বাচিত জনপ্রতিনিধির অনুপস্থিতির কারণে সাধারণ মানুষ প্রত্যাশিত নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক বসিয়ে সেগুলোকে রাজনৈতিক প্রভাবের মধ্যে নিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা প্রয়োজন। তাঁর মতে, ছয় মাসের মধ্যে ধাপে ধাপে নির্বাচন সম্পন্ন করা সম্ভব। পাশাপাশি যারা বর্তমানে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান তিনি।
বর্তমান নির্বাচন ব্যবস্থার ওপরও সংশয় প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম জানান, এটি প্রাথমিক ঘোষণা। খুব শিগগিরই বাকি সিটি করপোরেশনগুলোর প্রার্থী তালিকাও প্রকাশ করা হবে। এছাড়া উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের প্রার্থীদের নাম আগামী এপ্রিলের মধ্যে ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।
এ সময় এনসিপির পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—ছয় মাসের মধ্যে স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচন আয়োজন, প্রশাসক নিয়োগ বন্ধ রাখা, প্রশাসকদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা, স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকের বাইরে আয়োজন এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করা।
দলের নেতারা বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর ও জনগণের কাছে জবাবদিহিমূলক করতে দ্রুত নির্বাচন আয়োজন জরুরি। তাদের দাবি, এ বিষয়ে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।