- ০৩ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে নুসাইবা (২) ও আদিবা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার আনোয়ারখালী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নুসাইবা আনোয়ারখালী গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে। আর আদিবা পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার শফিক মিয়ার মেয়ে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন।
পরিবার সূত্রে জানা গেছে, আদিবার মা মরিয়ম বাবার বাড়িতে থেকে পাশের এলাকায় অবস্থিত ডেল্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে চাকরি করেন। শনিবার সকালে ঘুম থেকে ওঠার পর আদিবা তার মামাতো বোন নুসাইবার সঙ্গে বাড়ির সামনে ডোবার পাশে খেলতে যায়।
খেলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে দুই শিশু ডোবার পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবার পানি থেকে দুজনকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর নুসাইবা ও আদিবাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।