Thursday, September 10, 2026

পাকিস্তান বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী


ছবিঃ পাকিস্তান বাংলাদেশ (সংগৃহীত)

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) কার্যালয়ে বৃহস্পতিবার (২১ আগস্ট) অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছেন। সাক্ষাতকালে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ উপস্থিত ছিলেন।

জাম কামাল খান বলেন, বাংলাদেশ ও পাকিস্তান উভয়ই তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের ওপর নির্ভরশীল। রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে নতুন বাজার সৃষ্টির সুযোগ রয়েছে। তিনি উল্লেখ করেন, ইউরোপ, কানাডা ও যুক্তরাষ্ট্রে পুনঃব্যবহারের জন্য নতুন ডিজাইনের পোশাকের চাহিদা বাড়ছে এবং দুই দেশের উদ্যোক্তারা একত্রিতভাবে কাজ করলে তা সফলভাবে মোকাবেলা করা সম্ভব।

তিনি আরও জানান, পূর্ব আফ্রিকা ও মধ্য এশিয়ার বাজারে রপ্তানি সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। পাকিস্তান সিমেন্ট, চিনি, পাদুকা ও চামড়া খাতে ভালো অবস্থানে রয়েছে, যা বাংলাদেশে আমদানি করা যেতে পারে। অন্যদিকে, বাংলাদেশের ওষুধ শিল্প পাকিস্তানের বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কৃষি খাতে নতুন প্রযুক্তি ও মূল্য সংযোজনের মাধ্যমে রপ্তানি সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে।

জাম কামাল খান জানান, শিগগিরই বাংলাদেশে পাকিস্তানের একক প্রদর্শনী (সিঙ্গেল কান্ট্রি এক্সিবিশন) আয়োজন করা হবে, যা দুই দেশের বেসরকারি খাতের সম্পর্ককে শক্তিশালী করবে।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, সংস্কৃতি ও জীবনাচরণের দিক থেকে দুই দেশের মানুষের মধ্যে অনেক মিল রয়েছে। বাংলাদেশে পাকিস্তানের টেক্সটাইল ও জুয়েলারি পণ্যের চাহিদা ব্যাপক। তিনি দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সইয়ের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণ এবং সরাসরি বিমান ও কার্গো যোগাযোগ চালুর মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের আহ্বান জানান।

সাক্ষাৎকালে বাংলাদেশের জন্য নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডিসিসিআইর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পাকিস্তান হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন