Wednesday, April 1, 2026

অপরিশোধিত তেলের ঘাটতির কারণে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন সাময়িকভাবে বন্ধের আশঙ্কা


ছবিঃ রাষ্ট্রীয় তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে, কারণ অপরিশোধিত জ্বালানির তীব্র ঘাটতি দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে সংঘাতের কারণে তেল আমদানি ব্যাহত হওয়ায় এই সংকট সৃষ্টি হয়েছে।

জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন জানিয়েছেন, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকেই অপরিশোধিত তেলের ঘাটতি দেখা দিতে পারে, যার ফলে ইআরএলের উৎপাদন সাময়িকভাবে স্থগিত রাখতে হতে পারে।

সূত্রের বরাতে জানা গেছে, মঙ্গলবার সকাল পর্যন্ত রিফাইনারিতে মজুদ ছিল মাত্র ২৩ হাজার টন ক্রুড অয়েল। এই পরিমাণ অপরিশোধিত তেল সর্বোচ্চ সাত দিনের জন্যই যথেষ্ট। পরিস্থিতি যেভাবে চলছে, তাতে আগামী ৭ এপ্রিলের মধ্যে উৎপাদন বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।

শেষবার ১৮ ফেব্রুয়ারি দেশে অপরিশোধিত তেলের একটি জাহাজ পৌঁছায়। এরপর থেকে নতুন কোনো চালান আসেনি। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজের চলাচল ব্যাহত করেছে।

তবে বর্তমানে তিনটি তেলবাহী জাহাজ দেশের পথে রয়েছে। এগুলো বাংলাদেশে পৌঁছাতে সাধারণত ১২ থেকে ১৫ দিন সময় লাগে। তেলের এই জটিল পরিস্থিতি সামাল দিতে সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো তৎপর রয়েছে।

এই সংকট সাময়িক হলেও দেশের জ্বালানি সেক্টরের কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলতে পারে, বিশেষ করে শিল্পখাত ও বিদ্যুৎ উৎপাদনে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন