- ১১ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল পরিকল্পিতভাবে অপতথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।
বুধবার বেলা দুইটার কিছু পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি দাবি করেন, জামায়াতের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে। এ ধরনের অপচেষ্টায় কান না দিয়ে ভোটারদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।
জামায়াতের আমির তাঁর পোস্টে সমর্থক ও সাধারণ ভোটারদের পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, বুধবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
আটকের ঘটনার পরপরই ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে ওই পোস্ট দেন। যদিও তাঁর বক্তব্যে আটক সংক্রান্ত ঘটনার সরাসরি উল্লেখ ছিল না। এ বিষয়ে বিস্তারিত জানাতে দলটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।